'এ' দল আর ঘরোয়া ক্রিকেটে দৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইপারফরম্যান্স ইউনিটের দরকার ছিল। সেটা আবার গতি পাচ্ছে। বিসিবির মনোযোগ এবার ‘এ’ দল আর ঘরোয়া ক্রিকেটের দিকে। নতুন ক্রিকেট পরিচালনা কমিটির প্রথম সভা শেষে কমিটিপ্রধান নাঈমুর রহমানের কথা শুনে অন্তত তাই মনে হচ্ছে।
কাল বিসিবি কার্যালয়ে সভা শেষে নাঈমুরই জানালেন ‘এ’ দল নিয়ে চিন্তার কথা, ‘“এ” দলের কার্যক্রম পর্যায়ক্রমে কীভাবে আরও বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। কাদের আমন্ত্রণ জানাতে পারি বা আমাদের কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে...এগুলো কীভাবে নিশ্চিত করা যায়, সেসব নিয়ে কথা বলেছি।’
বাংলাদেশ ‘এ’ দল এ বছরই যাবে জিম্বাবুয়ে সফরে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি। জিম্বাবুয়ে ক্রিকেট চাচ্ছে সফরটা হোক আগস্ট-সেপ্টেম্বরে। বিসিবি চায় আরও আগে দল পাঠাতে। তা এই সফর যখনই হোক, বিসিবির ইচ্ছা সঙ্গে একটা দক্ষিণ আফ্রিকা সফরও জুড়ে দিতে। ‘যেহেতু জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার খুব কাছে, আমরা চেষ্টা করব দক্ষিণ আফ্রিকা সফরও যোগ করতে’—বলেছেন নাঈমুর। এ ছাড়া ‘এ’ দলের একটা শ্রীলঙ্কা সফরও নাকি নিশ্চিত। আলোচনা চলছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও।
আলোচনাগুলো সফল হলে ‘এ’ দলের জন্য সামনে ব্যস্ত সূচিই অপেক্ষা করছে। আর জাতীয় দলের সূচি তো এ বছর এমনিতেই ব্যস্ত। সেই ব্যস্ততার সঙ্গে যোগ হতে পারে আরও একটা হোম সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ বছরের নভেম্বরে বাংলাদেশে এসে চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিসিবি শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি নয়। তাদের কাছ থেকে পাল্টা প্রস্তাব গেছে দুই টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে ম্যাচের সিরিজের।
কিন্তু নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেললে যে ঘরোয়া ক্রিকেটে খেলা হবে না জাতীয় দলের ক্রিকেটারদের! প্রসঙ্গটা উঠতেই জাতীয় দলের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে বিসিবির নতুন ভাবনাটা জানালেন নাঈমুর, ‘কোনোভাবেই আমরা ঘরোয়া ক্রিকেটকে সরিয়ে কিছু করব না। জাতীয় দলের ব্যস্ততা থাকলে খেলোয়াড়েরা তাদের মতো করে খেলবে। আর ব্যস্ত সূচি না থাকলে ঘরোয়া ক্রিকেটে অংশ নেবে। আমরা চাই, ঘরোয়া ক্রিকেট সূচি অনুযায়ী চলুক।’
ঘরোয়া ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি প্রতিবছরই শোনা যায় এবং কোনোবারই সেটির বাস্তবায়ন দেখা যায় না। নাঈমুর সেটা মেনেই স্বীকার করেছেন, ‘এভাবে আর বেশি দিন চলা সম্ভব নয়।’ অন্তত এ বছর তো নয়-ই। ভারত আসছে, এরপর আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। নতুন করে যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও হয়, ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগই থাকবে না জাতীয় দলের ক্রিকেটারদের। ক্রিকেট পরিচালনা প্রধান মনে করিয়ে দিলেন সেই বাস্তবতা, ‘ক্লাব কিংবা বিভাগীয় দলগুলো জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে খেলতে চাইলে সেটা বাস্তবিকভাবে আর সম্ভব নয়। জাতীয় দলকে জাতীয় দলের খেলাতেই থাকতে দিতে হবে। একই সঙ্গে আমাদের ঘরোয়া ক্রিকেটও করতে হবে। তাতে ক্লাবগুলোও নতুন খেলোয়াড় তৈরির সুযোগ পাবে।’
‘এ’ দল আর ঘরোয়া ক্রিকেট নিয়ে চিন্তার মতো আরেকটা পুরোনো কথাও শোনা গেছে ক্রিকেট পরিচালনা-প্রধানের মুখে। জাতীয় দলের জন্য খুব তাড়াতাড়িই একজন স্থায়ী ‘টিম অপারেশনস ম্যানেজার’ নিয়োগ দেবে বিসিবি।