'এ' দল যখন ধৈর্যের প্রতিমূর্তি

সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধুঁকছে বাংলাদেশ দল। উইকেট আঁকড়ে ধরে টিকে থাকা যেন পৃথিবীর কঠিনতম কাজ হয়ে গেছে মুশফিকুর রহিম-বাহিনীর। অথচ দেশের মাটিতে কক্সবাজারে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ধৈর্যের প্রতিমূর্তি হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন শেষে ‘এ’ দলের সংগ্রহ ৩ উইকেটে ১৬২।
আজ সারা দিন খেলা হয়েছে ৭৯ ওভার। গোটা দিনে রান উঠেছে মাত্র ১৩২! প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল ওভারপ্রতি রান তুলেছে ১.৭৬। সাদা পোশাকে কীভাবে উইকেট আঁকড়ে ধরে থাকতে হয়, তার প্রদর্শনীই যেন হয়ে গেল সৈকত-শহরে। সাদমান ইসলাম তিনোতেন্দা মুতুমবোদজির বলে ফেরার আগে ১৭৯ বলে করেছেন ৪০ রান। সর্বোচ্চ ৫৪ এসেছে লিটন কুমারের ব্যাট থেকে। তিনি আউট হয়েছেন ওয়েলিংটন মাসাকাদজার বলে। সাদমান-লিটনের উদ্বোধনী জুটিতে ওঠে ৭৬ রান। এই দুজনের পাশাপাশি মার্শাল আইয়ূব ফিরেছেন ২০ রানে।
সারা দিন ব্যাট করেও অবশ্য জিম্বাবুয়ে ‘এ’ দলের প্রথম ইনিংসে করা ২০৬ রান টপকাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। এখনো পিছিয়ে ৪৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ সফররত জাতীয় দল ব্যাটিংয়ে যে ধৈর্য দেখাচ্ছে, সেটি বালুর বাঁধের সঙ্গে তুলনাযোগ্য। সেখানে ‘এ’ দলের ধৈর্য যেন ইস্পাতকঠিন! তবে এ ক্ষেত্রে ‘এ’ দল ধৈর্যটা বোধ হয় একটু বেশিই দেখিয়ে ফেলেছে!