'এ' দলে নেই ধোনি-কোহলি

ভারতীয় সংবাদমাধ্যমের খবরটি ঠিক হলো না। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন না মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা। তাঁদের ছাড়াই তিনটি এক দিনের ম্যাচ ও একটি তিন দিনের ম্যাচের জন্য আলাদা ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই। বাংলাদেশ ‘এ’ দল অন্য তিন দিনের ম্যাচটি খেলবে কর্নাটকের বিপক্ষে।
২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন হাতে চোট পেয়ে শ্রীলঙ্কা সফর শেষ না করেই দেশে ফেরা শিখর ধাওয়ান। সুস্থ হয়ে খেলার মতো অবস্থায় চলে এসেছেন তিনি। ওই সিরিজেই একাদশে জায়গা হারানো পেসার বরুণ অ্যারনও আছেন ১৪ সদস্যের দলে। আছেন জাতীয় দল থেকে বাদ পড়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৫০ ওভারের ম্যাচে অধিনায়ক করা হয়েছে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে ভারতকে নেতৃত্ব দেওয়া উন্মুক্ত চাঁদকে। চাঁদের দলে সবচেয়ে বিখ্যাত সদস্য সুরেশ রায়না। ১৩ সেপ্টেম্বর মুমিনুল হকের নেতৃত্বে ভারতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ক্রিকইনফো।
ভারত ‘এ’ দল
তিন দিনের ম্যাচ: শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুণ নায়ার, শ্রেয়াস আয়ার, বাবা অপরাজিত, নমন ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমন্যু মিঠুন, বরুণ অ্যারন, ঈশ্বর পান্ডে ও শেল্ডন জ্যাকসন।
এক দিনের ম্যাচ: উন্মুক্ত চাঁদ (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, মনীশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুণ নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, ঋষি ধাওয়ান, শ্রীশান্ত অরবিন্দ, ধবল কুলকার্নি, রুশ কালারিয়া ও গুরকিরাত সিং মান।