'এ' দলে সাদমান-লিটন
গত ফেব্রুয়ারিতে আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একসঙ্গে খেলেছেন দুজন। বাঁহাতি সাদমান ইসলাম ওপেনার, ৬ ম্যাচে ৪০৬ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস ওই টুর্নামেন্টে ব্যাট করেছিলেন তিনে, করেছিলেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রান। প্রতিভাবান দুই ব্যাটসম্যান এবার একসঙ্গেই ডাক পেলেন বাংলাদেশ ‘এ’ দলে। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে এই দুই তরুণকে। দল ঘোষণা করলেও এখনো জানানো হয়নি অধিনায়কের নাম। ১০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে ‘এ’, ১৪ সেপ্টেম্বর থেকে প্রথম চার দিনের ম্যাচ কক্সবাজারে।
আরেকটি ছোটখাটো চমকও আছে দলে। এত দিন শুধু সীমিত ওভারের ক্রিকেটের উপযোগী ভাবা হলেও সাব্বির রহমানকে রাখা হয়েছে এই দলে। আছেন সম্ভাবনাময় লেগ স্পিনার জোবায়ের হোসেন। টেস্ট দলে জায়গা হারানো মার্শাল, নাঈম, শাহাদতরাও সুযোগ পেয়েছেন ফেরার দাবি জানানোর।
প্রথম ম্যাচের দল: লিটন কুমার দাস, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, রকিবুল ইসলাম, সাব্বির রহমান, নাঈম ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), কামরুল ইসলাম রাব্বি, জোবায়ের হোসেন, সাকলাইন সজীব, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলী।