এই প্রথম বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন সাব্বির রহমান। ভারত ‘এ’ দলের বিপক্ষে কাল সেঞ্চুরিও পেয়ে গেলেন। সাব্বিরসহ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ১৫ জন ব্যাটসম্যান। ২০০৩ সালে পাকিস্তানের পিসিবি প্যাট্রনস ট্রফিতে ডিফেন্স হাউজিং অথোরিটির বিপক্ষে প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন শাহরিয়ার হোসেন। এরপর আরও ২১টি সেঞ্চুরি হলেও শাহরিয়ারের ২১৮-ই এখনো প্রথম শ্রেণিতে বাংলাদেশ ‘এ’ দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান। ২০০৬ সালে ফতুল্লায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৩ রান করেন জাভেদ ওমর। ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। এ ছাড়া একাধিক সেঞ্চুরি করেছেন অলক কাপালি (২) ও মেহরাব হোসেন জুনিয়র (২)। মেহরাব দুটি সেঞ্চুরিই করেছেন ২০০৬ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এক ম্যাচে।