'এ' দলে ১০ টেস্ট ক্রিকেটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরেই পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। এটি তাই অনুমিতই ছিল যে, তাদের ‘এ’ দলেও দেখা মিলবে অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের। ১৩ টেস্ট ও ১১৪ ওয়ানডে খেলা ভুসিমুজি সিবান্দার নেতৃত্বে জিম্বাবুয়ে ‘এ’র স্কোয়াডে আছে ১০ জন টেস্ট ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে আরও পাঁচজনের। বাকি পাঁচজন আসবেন সেই স্বাদ নেওয়ার দাবি জানাতে। দলে আছেন কদিন আগে আবার জাতীয় দলে ফেরা অভিজ্ঞ ব্যাটসম্যান মার্ক ভারমিউলেন। এই দলটির বোলিং কোচ ভারমিউলেনেরই সমসাময়িক, সাবেক পেসার ডগলাস হোন্ডো।
২০ জনের দলটির সবাই অবশ্য একসঙ্গে আসছেন না। চার দিনের ম্যাচের দল ঢাকায় পা রাখবে ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে প্রথম চার দিনের ম্যাচ, ২১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় চার দিনের ম্যাচ ফতুল্লায়। এক দিনের ম্যাচের দলে থাকা ক্রিকেটাররা আসবেন ২৫ সেপ্টেম্বর। ফতুল্লায় তিনটি এক দিনের ম্যাচ ২৭, ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।
জিম্বাবুয়ে ‘এ’ দল: ভুসিমুজি সিবান্দা (অধিনায়ক), রেজিস চাকাভা, ব্রায়ান চারি, মাইকেল চিনুইয়া, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, তাফাদজাওয়া কামুঙ্গোজি, নেভিল মাদজিভা, তাতেন্দা মানাতসা, টিমাইসেন মারুমা, শিঙ্গিরাই মাসাকাদজা, টিনো মায়োয়ো, কুদাকওয়াশে মুনিয়েদে, তাওয়ান্দা মুপারিয়া, ফরস্টার মুতিজাওয়া, তিনোতেন্দা মুতুমবোদজি, রিচমন্ড মুতুম্বামি, তাওরাই মুজারাবানি, মার্ক ভারমিউলেন, ম্যালকম ওয়ালার।