'এ' দলের আরেকটি সিরিজ জয়
দু-দুটি সিরিজ জয় করেই জিম্বাবুয়ে থেকে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল। কাল শেষ হওয়া শেষ চার দিনের ম্যাচটি ড্র হতেই ১-০ ব্যবধানে সিরিজও জয় নিশ্চিত হলো শুভাগত হোমের দলের। তিন ম্যাচের এক দিনের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ ‘এ’।
কাল হারারেতে চতুর্থ দিনের শেষবেলায় বাংলাদেশ ‘এ’ দলকে ২৭৮ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। হাতে ছিল মাত্র ৩৫ ওভার। তবে বাংলাদেশের দলটি ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার রনি তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৫ রান (২০ বল) মোসাদ্দেক হোসেনের। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তাসামুল এবার করেছেন মাত্র ১ রান।
এর আগে ১ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে ‘এ’ দল ৫ উইকেটে ৩৭৬ রান তোলার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ব্রায়ান চারির (১২৮) পর সেঞ্চুরি পেয়েছেন পিটার মুরও (১০৩)। এ ছাড়া ফিফটি পেয়েছেন রায়ান বার্ল (৫১*) ও গডউইল মামহিয়ো (৫০)। বাংলাদেশ ‘এ’-এর সাকলাইন সজীব ও মুক্তার আলী নিয়েছেন ২টি করে উইকেট।