'এ' দলের এ কী পারফরম্যান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি তিন দিনের ম্যাচে বড় প্রাপ্তি সাব্বিরের সেঞ্চুরি। ছবি: পিটিআই
দুটি তিন দিনের ম্যাচে বড় প্রাপ্তি সাব্বিরের সেঞ্চুরি। ছবি: পিটিআই

ভারত সফরের আগে ‘জয়ের সংস্কৃতি ধরে রাখার’ কথাই জানিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিথ স্ট্রিক। প্রত্যয়ী কণ্ঠে কোচ জানিয়েছিলেন, ‘চেষ্টা করব সব ম্যাচ জিততে’। ১৬ দিনের সফর শেষে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স জানান দিচ্ছে উল্টো বার্তা। বেঙ্গালুরুতে একটি একদিনের ম্যাচ বাদে সফরজুড়ে বাংলাদেশ ‘এ’ দল পুরোপুরিই ব্যর্থ।
তিনটি একদিনের ও দুটি তিন দিনের ম্যাচ—মোট পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুলদের এমন ভরাডুবি অপ্রত্যাশিতই বলতে হবে। দলের বেশির ভাগ সদস্যই সাম্প্রতিক সময়ে জাতীয় দলে পারফর্ম করছেন ধারাবাহিকভাবে। অথচ ভারত সফরে অধিকাংশই ছিলেন নিষ্প্রভ।
এক দিনের ম্যাচের সিরিজে নাসির ও লিটন দাস বাদে কোনো ব্যাটসম্যানই রান পাননি উল্লেখ করার মতো। টপ অর্ডারের ব্যর্থতার প্রভাব পড়েছে সিরিজের ফলেও। তিন ম্যাচে ওপেনার সৌম্য সরকারের রান ৯, ২৪ ও ১, রনি তালুকদার ১৩, ০ ও ৯, এনামুল হক ০, ৩৪ ও ১। প্রথম দুই ম্যাচে ৩ উইকেট পড়েছে ৩৪ ও ৬৬ রানে। আর শেষ ম্যাচে ২৪ রানের মধ্যেই সাজঘর ধরেছেন তিনজন! সাদা বলে মুমিনুল এ দফাও ব্যর্থ। তিন ম্যাচে রান ৩৭, ৩ ও ১৯।
একদিনের সিরিজে ব্যতিক্রম কেবল নাসির ও লিটন দাস। তিন ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে নাসির করেছেন সিরিজ সর্বোচ্চ ১৭৬ রান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচটি তো ‘এ’ দল জিতেছিল নাসিরের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৪১ রান করেছেন লিটন। সিরিজে তৃতীয় সর্বোচ্চ ৬৭ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে।
একদিনের সিরিজে মূল বোলাররাও যে খুব একটা সফল ছিলেন, বলা যায় না। তিন ম্যাচে ভারত ‘এ’ দলের মোট ২২ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এ ক্ষেত্রে সবচেয়ে সফল নাসির। নিয়েছেন সিরিজ সর্বোচ্চ ৮ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট রুবেল হোসেনের। ব্যবহৃত বাকি সাত বোলার মিলে নিয়েছেন অবশিষ্ট ৯ উইকেট!
একদিনের সিরিজের পর দুটি তিন দিনের ম্যাচে ব্যর্থতার পরিধি আরও বড়। দুটি ম্যাচেই হেরেছে সফরকারীরা। মহীশুরে কর্ণাটকের বিপক্ষে ৪ উইকেটে হারের পেছনেও দায়ী টপ অর্ডারের ব্যর্থতা। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয়েছিল মাত্র ১৫৮ করে। দ্বিতীয় ইনিংসে ৩০৯ করেও প্রথম ইনিংসের ব্যর্থতার মাশুল দিতে হয়েছে মুমিনুলদের। বেঙ্গালুরুতে শেষ ম্যাচেও একই দৃশ্যের পুনরাবৃত্তি। সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ১৬৭ রান এসেছে নিয়মিত সাতে নামা শুভাগত হোমের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ লিটনের ব্যাট থেকে। দুই ম্যাচে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান করেছেন ১২৬ রান। সিরিজে একমাত্র সেঞ্চুরিটি এসেছে সাব্বিরের ব্যাট থেকে।
জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ধারাবাহিকতার প্রতিচ্ছবি মুমিনুল সিরিজ জুড়েই ছিলেন অনেকটাই নিষ্প্রভ। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে নিজেই যেন ব্যাকফুটে! অবশ্য শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৪ রান। বাকি তিন ইনিংসে ২, ১ ও ২২। সিরিজে গড় ১৯.৭৫। তবে কি অধিনায়কত্বের চাপ নিতে পারেননি মুমিনুল?

তিন দিনের ম্যাচ দুটিতে বাংলাদেশ ‘এ’ দলের নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়েছে প্রতিপক্ষ। কর্ণাটককে প্রথম ইনিংসে অলআউট করা ছাড়া বোলারদের তেমন সাফল্য নেই। সবচেয়ে সফল বোলার হিসেবে সাকলাইন সজীব নিয়েছেন ৭ উইকেট। ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পেসারদের চোট। প্রথম একদিনের ম্যাচেই চোট পেয়ে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে চোট পেয়েছেন পেসার রুবেল-শফিউলও।

‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ১৬৭ রান এসেছে নিয়মিত সাতে নামা শুভাগত হোমের ব্যাট থেকে
‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ১৬৭ রান এসেছে নিয়মিত সাতে নামা শুভাগত হোমের ব্যাট থেকে


বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর ছিল যথেষ্ট তাৎপর্যময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ‘এ’ দলের মোড়কে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের দারুণ এক প্রস্তুতির সুযোগ ছিল এ সফর। তা ছাড়া আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ দলের একমাত্র টেস্টের সফরের আগে কন্ডিশন সম্পর্কে বিশদ ধারণা পেতে ‘এ’ দলের সফরটা মুমিনুল-নাসিরদের জন্য ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ এই সফরটা অপ্রত্যাশিত ব্যর্থতা দিয়েই শেষ হল ‘এ’ দলের।