'এ' দলের বড় লিড

প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা শাহরিয়ার নাফীস মুদ্রার উল্টোপিঠও দেখে ফেললেন কাল। আগের দিন ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি, কাল করতে পারেননি সেই ৩ রানও। আউট প্রথম বলেই! তবে রান পেয়েছেন মার্শাল আইয়ুব। যদিও থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলার সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। তবু ব্যাটিংয়ের জন্য খানিকটা দুরূহ হয়ে ওঠা উইকেটে মার্শালের ফিফটিতে লিডটাকে মোটামুটি নিরাপদ জায়গায় নিতে পেরেছে বাংলাদেশ ‘এ’। প্রথম ইনিংসের ১২৬ রানের সঙ্গে মিলিয়ে তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২৩৪, হাতে ৫ উইকেট।
শাহরিয়ারের পাশাপাশি প্রথম ইনিংসে ফিফটি করা সাদমানও পারেননি দ্বিতীয় ইনিংসে বড় কিছু করতে। থিতু হয়ে আউট হয়েছেন রকিবুল। আসন্ন জিম্বাবুয়ের সিরিজের জন্য যাঁকে এই ম্যাচে পরখ করতে চেয়েছিলেন নির্বাচকেরা, সেই মিঠুন আউট শূন্যতেই। মার্শালের ফিফটিই এগিয়ে নিয়ে গেছে দলকে। ৫ চার ও ১ ছক্কায় ১২৩ বলে ৫৪ করেছেন টেস্ট দল থেকে বাদ পড়া এই ব্যাটসম্যান। নুরুল হাসানকে নিয়ে আজ সকালে লিডটা দ্রুত আরেকটু বাড়াতে চাইবেন অধিনায়ক নাঈম ইসলাম। বাকি দায়িত্ব বোলারদের।
প্রথম ইনিংসে যে দায়িত্ব দারুণভাবে পালন করেছেন নাঈমের বোলাররা। আরও নির্দিষ্ট করে বললে শাহাদাত হোসেন ও জুবায়ের হোসেন। জাতীয় দলে জায়গা হারানো পেসার আর তরুণ সম্ভাবনাময় লেগ স্পিনার মিলে ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়ে ‘এ’ দলকে। ৬ উইকেটে ৯১ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে যোগ করতে পেরেছে আর মাত্র ৪১ রান। ইনিংসের প্রথম দুই উইকেট নেওয়া শাহাদাত কাল নিয়েছেন আরও দুটি। এক পাশ আগলে রাখা ব্রায়ান চারিকে (১৭৩ মিনিটে ৪৭) ফিরিয়েছেন আগের ম্যাচের নায়ক সাকলাইন সজীব। আর শেষ উইকেটটি নিয়ে ইনিংসে চতুর্থ উইকেট পেয়েছেন জুবায়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দুই ম্যাচেই চার উইকেট—প্রতিভা আর সম্ভাবনার ভালোই প্রমাণ রাখছেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৫৮ ও ৪৭.৩ ওভারে ১০৮/৫ (সাদমান ১৮, শাহরিয়ার ০, মার্শাল ৫৩, রকিবুল ২১, নাঈম ১৩*, মিঠুন ০, নুরুল ০*; মুজারাবানি ১/১৪, জঙ্গে ০/১২, মানাতসা ১/১৩, সিবান্দা ১/৩৫, মাসাকাদজা ১/১৬, মুতমবোদজি ০/১৭)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৯.৫ ওভারে ১৩২ (চারি ৪৭, মাসাকাদজা ৪, জঙ্গে ০, মুজারাবানি ২৭, মানাতসা ০*, শাহাদাত ৪/৩৩, কামরুল ১/২৩, সাকলাইন ১/২২, জুবায়ের ৪/৪৯, নাঈম ০/৩)।