'এ' দলের সংগ্রহ ২৩৯
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষ হয়েছে ২৩৯ রানে।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের প্রাণ ছিল অধিনায়ক মার্শাল আইয়ুব ও লিটন দাসের ব্যাটিং। প্রথম দুটো ম্যাচে ব্যর্থতার পর আজ হেসেছে মার্শালের ব্যাট। ৭৮ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন তিনি।
উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের সংগ্রহ ৪৬। এ ছাড়া মোসাদ্দেক হোসেন ২৫, সৌম্য সরকার ২২ ও ফরহাদ রেজা করেন ৩২ রান। মুমিনুল আজও ছিলেন ব্যর্থ। ব্যর্থতার তালিকায় আজ নাম লিখিয়েছেন নাঈম ইসলাম। এই দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬ ও ৯ রান।
পঞ্চাশ রানের উদ্বোধনী জুটির পর একটা বড় সংগ্রহেরই স্বপ্ন দেখছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারার কারণে সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ৫০ ওভারে ২৩৯ রানেই থামতে হয় ‘এ’ দলকে। অথচ, লিটন, মোসাদ্দেক আর সৌম্য সরকারেরা নিজেদের ইনিংসকে আরও একটু বড় করলেই কিন্তু স্কোরটা ২৬০ অতিক্রম করতে পারতেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে আজ দারুণ বল করেছেন মুজারাবানি। ৩৩ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। এ ছাড়া কামুনগোজি ৩৫ রানে নিয়েছেন দুটো। একটি করে উইকেট নিয়েছেন জোংউই ও ম্যালকম ওয়ালার।
এদিকে, ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের চেয়ে আর ১০০ রান দূরে রয়েছে জিম্বাবুয়ে ‘এ’। এই প্রতিবেদন লেখার সময় ৩৫ ওভারে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৪০। আর ১৫ ওভার হাতে রেখে এই রানটা তুলে নেওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয় তাদের। ম্যালকম ওয়ালার অপরাজিত আছেন ৪৬ রানে। বাংলাদেশের ইলিয়াস সানী পেয়েছেন দুটি উইকেট। মোসাদ্দেক, মুমিনুল, জুবায়ের-প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।