'এ' দলের সঙ্গে সাকিবের অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সময়ে অনুশীলন করতে হয়েছে একাকী। কাগজে-কলমে সেই সময়টা চলছে এখনো। তবে সেটি শেষ হওয়ার অপেক্ষা কেবলই সময়ের ব্যাপার। অনুশীলন আর সামনে মাঠের লড়াইয়ের প্রস্তুতিকে যথার্থ করতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করতে বলা হয়েছে সাকিব আল হাসানকে। নিজের অনুশীলন পদ্ধতি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের সঙ্গে পরশু কথা বলেছেন সাকিব। কাল আকরামই নিশ্চিত করেছেন সাকিবের ‘এ’ দলের সঙ্গে অনুশীলন।
এই অনুশীলনটা জরুরি আরেকটি কারণেও। ১৫ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিব মাঠের ক্রিকেটে নামছেন এশিয়ান গেমস দিয়ে! এমনিতে নিষিদ্ধ ছিলেন বলে এশিয়াডের বাংলাদেশ ক্রিকেট দলে রাখা হয়নি দেশসেরা অলরাউন্ডারকে। তবে এখন সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত সোহাগ গাজীর বদলে নেওয়া হচ্ছে সাকিবকে। প্রধান নির্বাচক ফারুক আহমেদ কাল বললেন, ‘আগেই বলেছি, সোনা ধরে রাখতে সম্ভব সেরা দলটিকেই পাঠাতে চাই আমরা। এখন যেহেতু সাকিবকে পাওয়া যাচ্ছে, ওকে পাঠাতে চাই আমরা। আগামীকাল (আজ) আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
চূড়ান্ত সিদ্ধান্ত মানে শুধু আনুষ্ঠানিক ঘোষণা। দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ সেপ্টেম্বর শুরু এশিয়াডে সাকিবের যাওয়া প্রায় নিশ্চিত। বিয়ের জন্য না থাকা অধিনায়ক মুশফিকুর রহিম ছাড়া তাই বলা যায় বাংলাদেশ জাতীয় দলই খেলছে এশিয়ান গেমস ক্রিকেটে। এশিয়াডে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে।