'এ' দলের সামনে ব্যস্ত সূচি
বাংলাদেশ ‘এ’ দলের সামনে ব্যস্ত সময়। আগামী মাসের মাঝামাঝি পর পর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর। তার আগে ভারত সফর শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। বেঙ্গালুরুতে তিনটি এক দিনের ম্যাচের পর মহিশুর ও বেঙ্গালুরুতে দুটি তিন দিনের ম্যাচ। সব এক দিনের ম্যাচেই প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। দ্বিতীয় তিন দিনের ম্যাচেও তা-ই। তবে প্রথম তিন দিনের ম্যাচটি বাংলাদেশ ‘এ’ দল খেলবে ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে।
প্রতিপক্ষ বিবেচনা করে ‘এ’ দলের এবারের ভারত সফরটাকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন বিসিবির নির্বাচকেরা। তা ছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজটাকেও তাঁরা মাথায় রাখছেন। ভারত সফরে ‘এ’ দল যেহেতু দুটি তিন দিনের ম্যাচও খেলবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার আগে এটাকেই সম্ভাব্য সেরা প্রস্তুতি মনে করছে ফারুক আহমেদের নির্বাচক কমিটি। ‘এ’ দলে তাই জাতীয় দলের বেশ কয়েকটি তরুণ মুখ থাকার সম্ভাবনা আছে।
ফারুক আহমেদের কণ্ঠেও কাল সে আভাস, ‘ভারতে আমরা একটা শক্তিশালী দল পাঠাতে চাই। তবে দল নির্বাচনের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলব আমরা। অস্ট্রেলিয়া সিরিজের অনুশীলনে তিনি কাদের চান বা জাতীয় দলের কাদের ভারত সফরের জন্য ছাড়বেন, সেটা আগে জানা প্রয়োজন।’
ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফেরার কথা হাথুরুসিংহের। সে ক্ষেত্রে আজ-কালের মধ্যেই ভারত সফরের ‘এ’ দল ঘোষণা হওয়ার কথা। ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর তিনটি এক দিনের ম্যাচ হবে বেঙ্গালুরুতে। মহিশুরে প্রথম তিন দিনের ম্যাচ শুরু ২২ সেপ্টেম্বর ও বেঙ্গালুরুতে দ্বিতীয় তিন দিনের ম্যাচ ২৭ সেপ্টেম্বর থেকে। ‘এ’ দলের দেশে ফেরার কথা ৩০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ৯ অক্টোবর।