'এ' দলের সিরিজ জয়

১৫ উইকেট নিয়ে কক্সবাজারের প্রথম বেসরকারি টেস্টটা প্রায় একাই জিতিয়েছিলেন সাকলাইন সজীব। ফতুল্লায় দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে এই বাঁহাতি স্পিনার ঢাকা পড়ে যান পেসার শাহাদাত হোসেন ও লেগ স্পিনার জুবায়ের হোসেনের ছায়ায়। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই সফল সাকলাইন। কাল ফতুল্লায় ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ১৮০ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকাই রেখেছেন। বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ম্যাচটা ১১৮ রানে জিতে সিরিজ জিতল ২-০ ব্যবধানে।
কাল দিনের শুরুতে আরও পৌনে দুই ঘণ্টা ব্যাট করার পরই দ্বিতীয় ইনিংস ছেড়েছে স্বাগতিকেরা। ৫ উইকেটে ১০৮ রান নিয়ে শেষ দিন শুরু করা দলটি ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ১৭২ রানে, নাঈম ইসলাম ফিফটি করার পরপরই।
জয় পেতে করতে হবে ২৯৯ রান, হার বাঁচাতে ব্যাট করতে হবে দুই সেশনেরও বেশি। জিম্বাবুয়ে ‘এ’ দিনের খেলা শেষ হওয়ার প্রায় ঘণ্টা খানেক আগেই অলআউট ১৮০ রানে। সাকলাইনের জোড়া আঘাতে লাঞ্চের আগেই ২ উইকেট হারানো দলটি চা-বিরতিতে যায় ৫ উইকেটে ৯৪ রান নিয়ে। ৮৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৫৮ রান যোগ করে যা একটু প্রতিরোধ গড়েছেন ব্রায়ান চারি ও জয়লর্ড গুম্বি জুটি। ১৪৫ রানে নাঈম ইসলাম গুম্বিকে এলবিডব্লু করার পর আর মাত্র ৩৫ রান যোগ করেই অলআউট সফরকারীরা। সর্বোচ্চ ৭৪ রান করা চারিকে আউট করেই ম্যাচের সমাপ্তি টেনেছেন সিরিজে ২১ উইকেট নেওয়া সাকলাইন।
২৮ সেপ্টেম্বর ফতুল্লাতেই শুরু হবে তিন ম্যাচের বেসরকারি ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ২৫৮ ও ১৭২/৬ ডি. (সাদমান ১৮, শাহরিয়ার ০, মার্শাল ৫৩, রকিবুল ২১, নাঈম ৫০*, মিঠুন ০, নুরুল ২, কামরুল ১৭*; মুজারাবানি ২/৩৭, জঙ্গুয়ে ০/৩১, মানাৎসা ১/১৮, সিবান্দা ১/৩৫, মাসাকাদজা ১/২৮, মুতোম্বদজি ০/১৭)। জিম্বাবুয়ে ‘এ’: ১৩২ ও ১৮০ (মায়োয়ো ২৯, সিবান্দা ৬, ভারমিউলেন ০, চাকাভা ৬, চারি ৭৪, মাসাকাদজা ৯, গুম্বি ৩৫, মুতোম্বদজি ৫, জঙ্গুয়ে ৩, মুজারাবানি ৮, মানাৎসা ০*; শাহাদাত ০/৮, কামরুল ১/৮, সাকলাইন ৫/৭৫, জুবায়ের ৩/৭১, নাঈম ১/১৩)।
ফল: বাংলাদেশ ‘এ’ ১১৮ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ২-০-তে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জুবায়ের হোসেন।