'এ' দলের স্বস্তির জয়
পরশুই জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে ডাক পেয়েছেন কামরুল ইসলাম। এ আনন্দের রেশ না কাটতেই আরেক খুশির উপলক্ষ। দক্ষিণ আফ্রিকা সফরে হারের মিছিল ভেঙে এবার জয়ের দেখা পেল বাংলাদেশ ‘এ’। এই জয়ের অন্যতম নায়ক কামরুল। বোলিংয়ে জ্বলে উঠেছিলেন জুবায়ের হোসেনও। দুজনের দারুণ পারফরম্যান্সে কাল সেঞ্চুরিয়ন পার্কে সফরের শেষ ৫০ ওভারের ম্যাচে গোটেং স্ট্রাইকার্সকে ২ উইকেটে হারিয়েছে ‘এ’ দল।
প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার কাজটা শুরু করেছিলেন কামরুল। ২০.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় গোটেং। এর চারটিই কামরুলের। সদ্য বাংলাদেশ দলে ডাক পাওয়া এই পেসার যদি আক্রমণের গোড়াপত্তন করেন, সেটির মধুর সমাপ্তি জুবায়ের হোসেনের হাত ধরে। জুবায়েরের স্পিন বিষে ৭ রানেই পড়েছে গোটেংয়ের ৪ উইকেট। চারটিই জুবায়েরের।
এর ৩টিই ৩২তম ওভারে চার বলের মধ্যে নিয়েছেন এই লেগ স্পিনার। দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট পেয়েছিলেন। পেয়েছেন পঞ্চম বলেও। চতুর্থ বলে উইকেট পেলেই হ্যাটট্রিকও পেয়ে যেতেন! তবে ১.২ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট পেয়ে হ্যাটট্রিকের দুঃখ ভুলেছেন জুবায়ের। ৩৩.২ ওভারে ১০০ রানে অলআউট গোটেং। বাকি ২টি উইকেট পেয়েছেন আল আমিন ও সৌম্য সরকার।
‘সামান্য’ লক্ষ্যটা যে ‘এ’ দল সহজে পেরোতে পেরেছে, তা নয়। সফরজুড়ে চলতে থাকা ব্যাটিং দুর্দশার নমুনা খুঁজে পাওয়া গেল এ ম্যাচেও। ১০১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে শুভাগত হোম চৌধুরীর দল। সর্বোচ্চ ২৬ এসেছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। এ ছাড়া সৌম্য করেছেন ২০।
তবে ‘এ’ দলের বড় স্বস্তি, অন্তত জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আগামীকাল উড়াল দিতে পারবে জিম্বাবুয়েতে। সেখানে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’।