'ওয়ানডে সিরিজটা কঠিনই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান ম্যাকলারেন
রায়ান ম্যাকলারেন

চাইলে দক্ষিণ আফ্রিকা দল কাল হোটেলে শুয়েবসেই দিন কাটাতে পারত। টি-টোয়েন্টিতে স্বাগতিকদের গুঁড়িয়ে দেওয়ার এটুকু ‘পুরস্কার’ অন্তত খেলোয়াড়দের পাওনাই ছিল। কিন্তু কোথায় কী, বেলা ১১টায় গোটা দল হাজির মিরপুর স্টেডিয়ামে। ঘণ্টা দুয়েক কঠোর অনুশীলন, ঘাম ঝরানো। খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল টি-টোয়েন্টির উত্তুঙ্গ আত্মবিশ্বাসের পরও কাল থেকে শুরু ওয়ানডে সিরিজটাকে তারা নিয়েছে যুদ্ধ হিসেবেই।
কড়া রোদেও কারও শরীরের ভাষায় এতটুকু শৈথিল্য নেই। টি-টোয়েন্টি সিরিজের তৃপ্তিকর তাজা স্মৃতিটাকে যেন মন থেকে মুছেই ফেলেছে সবাই। আরেকটা নতুন শুরুর আগে এক ইঞ্চি জমিনও প্রতিপক্ষকে না ছাড়ার অঙ্গীকার ফুটে বেরোল হাশিম আমলাসহ প্রতিটি খেলোয়াড়ের শরীরী ভাষায়।
দক্ষিণ আফ্রিকার এটা খুব ভালোভাবেই জানা, টি-টোয়েন্টি সিরিজটা যতই একতরফা হোক না কেন, ওয়ানডের গল্পটা হতে পারে ভিন্ন। কারণ টি-টোয়েন্টির বাংলাদেশ আর ওয়ানডের বাংলাদেশ এক নয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া, ভারতের সঙ্গে ২-১-এ সিরিজ জয় উচ্চ স্বরেই তা ঘোষণা করছে। ওয়ানডেতে ভিন্ন এক বাংলাদেশই সামনে দাঁড়াবে ধরে নিয়েই অনুশীলনে এমন সিরিয়াস দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে অলরাউন্ডার রায়ান ম্যাকলারেনের কথায়ও তা বোঝা গেল। বাংলাদেশে এটি তাঁর প্রথম সফর। স্বাভাবিকভাবেই ‘বিরুদ্ধ কন্ডিশন’ জয় করে জ্বলে ওঠার অপেক্ষায় আছেন। তবে টি-টোয়েন্টির অনুপ্রেরণাতেই যে ওয়ানডেটা পার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা, সে রকম কিছু মনের আশপাশেও জায়গা দিচ্ছেন না তিনি, ‘ওয়ানডে সিরিজটা কঠিনই হবে। বাংলাদেশ দল নিজেদের কন্ডিশনে শক্ত প্রতিপক্ষই।’
কথাটা কিছুদিন ধরেই সবার মুখে মুখে। ঘরের মাঠে বাংলাদেশ সত্যিকারের ‘বাঘ’ই এখন। তবে এই ‘বাঘ’কে ওয়ানডেতে খাঁচায় ঢুকিয়ে শিকার থেকে দূরে রাখা যাবে, এটাও মনে করেন না ম্যাকলারেন। ওয়ানডের উইকেট কেমন হবে, তা জানতে কৌতূহলভরে অপেক্ষা করছেন। তবে তা যেমনই হোক না কেন, ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাই বেশি দেখছেন সাত মাস পর দলে ফেরা ৩২ পেরোনো বাঁহাতি পেসার, ‘যদি আমরা ওয়ানডের মূল ব্যাপারগুলো ধারাবাহিকভাবে করে যেতে পারি, তাহলে আমাদের একটা ভালো সম্ভাবনাই আছে বলব।’
তরুণ লেগ স্পিনার এডি লেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেকেই এলোমেলো করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং। দলের সঙ্গে এখন যোগ হয়েছেন ইমরান তাহির। কাল টানা এক ঘণ্টা নেটে হাত ঘুরিয়ে নিজের সব অস্ত্রশস্ত্রে শাণ দেওয়ার কাজটা করে গেলেন। তাহিরকে দক্ষিণ আফ্রিকাও যে বড় অস্ত্র বলে মানছে, সেটি জানিয়ে দিলেন ম্যাকলারেন, ‘ও দক্ষিণ আফ্রিকার এক নম্বর স্পিনার। ইনিংসের মাঝপথে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা ওকে ব্যবহার করতে পারি ইনিংসের যেকোনো সময়ই।’
শেষ ১০ ওভারে বৃত্তের বাইরে চারজনের বদলে পাঁচজন ফিল্ডার রাখার নতুন নিয়মে আগামীকালই প্রথম ওয়ানডে। বোলারদের জন্য এটি একটু স্বস্তির হলেও ম্যাকলারেন হুমকির মতো করে বললেন, ‘বোলারদের একটু সুবিধা হলেও আমি মনে করি না, এটা ব্যাটসম্যানদের মানসিকতায় কোনো বদল আনবে।’
শেষ কথাটার মানে করা যায়, এবি ডি ভিলিয়ার্স নেই তো কি, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা মার মার-কাট কাট ব্যাটিংই করবেন।