'ওরা পেরেছে, আমরা পারিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি
মাশরাফি

খেলা তো শুধু বিনোদন নয়, একটা লড়াইও। সেই লড়াইয়ে ধরাশায়ী বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে খুব একটা ‘গোলাবারুদ’-ও খরচ করতে হয়নি। উইকেট বুঝে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবেই করেছে। বাংলাদেশ তা পারেনি বলেই ইনিংসের মাঝপথেই ম্যাচের ফল নিয়ে আলোচনায় ইতি।
সাম্প্রতিক সময়ে এটা অচেনা ছবিই। দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলতে ধীরগতির টার্নিং উইকেটই কি তাহলে উল্টো বুমেরাং হলো? অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাপারটা ঠিক এভাবে দেখছেন না। তাঁর চোখে বরং উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিং করতে না পারাই এমন হারের বড় কারণ।
আগের দিন বারবারই বলছিলেন, ‘সাহস নিয়েই খেলব।’ সেই মাশরাফি কাল শোনাতে পারলেন না সাহসের গল্প। ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনের শুরুতেই তাঁকে করতে হলো পরাজয়ের ব্যবচ্ছেদ, ‘আমাদের যেসব স্পিনার আছে, তাদের বল তো অত টার্ন করে না। ওঠা-নামা করে বা একটু স্লো হয়। উইকেট একটু টার্ন করায় আমাদের হয়তো কিছুটা সমস্যা হয়েছে। ওদের স্পিনাররা ৮ ওভারে ৩২ রান দিয়েছে, তিনটি উইকেটও নিয়েছে। অবশ্যই এখানে একটু সমস্যা হয়েছে।’
ব্যাটিংয়ে সমস্যা হলেও শুরুর পরিকল্পনাটা কিন্তু কাজেই এসেছে। সানিকে নিয়ে বোলিং উদ্বোধন, অন্য প্রান্তে নাসির। চিত্রনাট্য ঠিকঠাক এগিয়ে নেওয়ায় বোলারদের প্রশংসা ঝরল মাশরাফির কণ্ঠে। বাংলাদেশ দলের স্পিনাররা ৪ উইকেট তুলে নিয়েছেন, তবে তুলনামূলক রান দিয়েছেন একটু বেশিই—১৩ ওভারে ৯৬। সোহাগ গাজী অনেক দিন পর ফিরলেন এবং প্রোটিয়া ব্যাটসম্যানদের সমীহ পেয়েছেন বলা যাবে না। তবে মাশরাফি তাঁর পাশেই দাঁড়ালেন, ‘ও সাদা বলে অতটা অনুশীলনও করতে পারেনি। অনেক দিন পর এসেছে। এমন কিছু খারাপও করেনি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’
দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানে আটকে রেখে মাশরাফির মনে হয়েছিল, নাগালের মধ্যেই আছে লক্ষ্যটা। কিন্তু ইনিংস শুরু হতে না-হতে ওই স্কোরটাই হয়ে দাঁড়াল পাহাড়সম। চেনা উইকেটে ৯৬ রানে অলআউট হওয়ার ময়নাতদন্ত করলেন এভাবে, ‘ওরা আমাদের স্পিনারদের যেভাবে সামলেছে, আমরা তা পারিনি।’
এটিই আসলে এ ম্যাচের মূল কথা। দক্ষিণ আফ্রিকা উইকেটের দাবি অনুযায়ীই ব্যাটিং করেছে। এখানে স্ট্রোকের ফুলঝুরি ছোটানো কঠিন, সেটি বুঝে ইনিংসটাকে ঠান্ডা মাথায় টেনে নেওয়ার পথেই হাঁটলেন অধিনায়ক ডু প্লেসি। তাঁর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের প্রশংসা না করে পারেননি মাশরাফি, ‘আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলে এমন পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, তা ওর জানাই। স্পিনটা ও খুব ভালো খেলেছে।’
বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিনটা ভালোভাবে না পড়ে একটু আক্রমণাত্মক ব্যাটিংয়ের হাঁটতে চেয়েছেন। মাশরাফি কাউকে দোষারোপ করেননি এ জন্য। বরং টেনে এনেছেন তাঁর দলের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ। ওই সব সাফল্য বাংলাদেশ দল পেয়েছে ইতিবাচক খেলে, তারই ধারাবাহিকতায় ব্যাটসম্যানরা কালও চেষ্টা করছেন বড় শট নিতে। দলের গেম প্ল্যানটাও জানালেন মাশরাফি, ‘আমরা প্রথম ছয় ওভারে ৪৫-৫০ রান করতে চেয়েছিলাম। এটা একটু ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু করতে পারলে ম্যাচটা অন্য রকম হতে পারত। আমরা যেভাবে খেলে আসছি, তা পরিবর্তন করা সহজ নয়। তার পরও পরিস্থিতি অনুযায়ীই খেলতে হবে। আশা করি, সামনে আমরা সেভাবেই খেলব।’