'ওরা ভারত, আমরা বাংলাদেশ - পার্থক্য এটাই'
>আরেকটি বাংলাদেশ-ভারত লড়াই। সৌম্য সরকার কী ভাবছেন এজবাস্টনের এই দ্বৈরথ নিয়ে?
আইসিসির আরেকটি টুর্নামেন্টে আরেকটি বাংলাদেশ-ভারত লড়াই। এজবাস্টনে দুই দলের লড়াই শুরু হতে এখনো অনেক দেরি। ২ জুলাইয়ের আগে ভারত আরও দুটি ম্যাচ খেলবে। বাংলাদেশের সামনে তাই লম্বা বিরতি। এই বিরতি ক্রিকেটাররা কাজে লাগাচ্ছেন ছুটি কাটিয়ে। দলের ওপেনার সৌম্য সরকার অবশ্য ছুটি কাটাচ্ছেন না, তৈরি হচ্ছেন ভারত-ম্যাচ সামনে রেখে।
২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে সেই যে জয়টা আইসিসি টুর্নামেন্টে ভারতীয়দের বিপক্ষে বাংলাদেশের একমাত্র আনন্দদায়ী স্মৃতি। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৬টি আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশ হেরেছে ভারতের কাছে। এজবাস্টনে এ গল্পে পরিবর্তন না এলে যে বাংলাদেশের সেমিফাইনালের আশাই প্রায় শেষ! সৌম্যর অবশ্য ম্যাচটা নিয়ে আলাদা ভাবতে আপত্তি আছে। ভারত ম্যাচটা আলাদাভাবেই নিতে চান না। বাঁহাতি ওপেনারের যুক্তি, ‘এভাবে না চিন্তা করে আমরা কীভাবে ক্রিকেট খেলছি সেভাবে যদি ভালো খেলতে পারি মনে হয় জেতা সম্ভব এবং আমরা জিতব।’ সৌম্য আজ টিম হোটেলের নিচে দাঁড়িয়ে ভারত-ম্যাচ নিয়ে আরও অনেক কিছু বললেন। তাঁর মুখ থেকেই বাকিটা শোনা যাক—
ভারতের সঙ্গে বাংলাদেশের পার্থক্য
‘ওরা ভারত, আমরা বাংলাদেশ—পার্থক্য এটাই। মাঠে গিয়ে যেদিন ভালো খেলবে সে জিতবে। ভালো খেলার ওপর সব নির্ভর করছে। এই বড় টুর্নামেন্টে যদি নাম দেখে খেলতে যান অবশ্যই শুরুতে পিছিয়ে থাকবেন। এসব চিন্তা না করে জয়ের লক্ষ্যে একটা ভালো পরিকল্পনা করে নামতে হবে। ওদের শক্তি-দুর্বলতা বুঝে আমাদের তিন বিভাগেই ভালো করতে হবে। ভালো করতে পারলে অবশ্যই জিততে পারি।’
ভারতের বোলিং কতটা ভাবাচ্ছে
‘ওদের নম্বর ওয়ান পেস বোলার আছে। ওদের স্পিনার যারা আছে তারাও অনেক ভালো। ওদের কীভাবে পিক করতে হবে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট দিনে কাকে পিক করতে পারলে সহজে খেলতে পারব আর কাকে সমীহ করতে হবে—এই পরিকল্পনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হয়, আগ থেকে ভেবে রেখেছি ওই বোলারকে পিক করব। দেখা গেল ম্যাচে সে সবচেয়ে ভালো বোলিং করছে। এটা সামলানোই হচ্ছে গুরুত্বপূর্ণ। ’

দলের অতি সাকিব-নির্ভরতা
‘একটা টুর্নামেন্টে একজন খুবই ভালো খেলে, একজনের খুব ভালো সময় যাবে। সে কতটা এটা ধরে রাখে, সেটাই হচ্ছে কথা। বাকিদের কাজ তখন তাকে সমর্থন করে যাওয়া। সবাই ভালো করলে দল একটা ভালো ফল পাবে।’
হুমকি ভারতীয় পেস বোলিং না স্পিনাররা?
‘নির্ভর করে উইকেটের ওপর। নতুন উইকেট থাকলে পেসারদের একটু সুবিধা থাকে শুরুতে। আর ব্যবহৃত উইকেট থাকলে স্পিনাররা ভালো করতে পারে।’
সেমিফাইনালের আশা
‘ওইটা তো বদলাতে পারব না। আমাদের যে দুটো ম্যাচ আছে দুটিতেই জিতলে দৌড়ে থাকতে পারব। আমরা আমাদের কাজ নিয়েই ভাবছি।’
সৌম্য দৌড়ে টিকে থাকার কথা বললেন। এতটা পথ দৌড়ে ফিনিশিং লাইনের কাছাকাছি এসে কেউ কি আর মুখ থুবড়ে পড়তে চায়? ভারতের বিপক্ষে তাই জয় পাওয়াটা খুবই জরুরি।