'ওয়ার্নের পর ইয়াসিরই সেরা'

লেগ স্পিন তো একটা শিল্পই। শেন ওয়ার্নের বিদায়ের পর এই শিল্পে শিল্পীর যে আকাল দেখা দিয়েছিল, সেটা বোধ হয় মিটে যাচ্ছে ইয়াসির শাহের মাধ্যমে। লর্ডসে পাকিস্তানি এই লেগ স্পিনার ইংলিশ ব্যাটসম্যানদের যেভাবে নাকাল করলেন, তাতে তিনি নতুন করে মনে করিয়ে দিলেন তাঁর পূর্বসূরি আবদুল কাদির-মুশতাক আহমেদকে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস তো বলেই দিলেন শেন ওয়ার্নের পর ক্রিকেটে সেরা লেগ স্পিনার ইয়াসিরই।
লর্ডসে পাকিস্তানের ৭৫ রানের জয়ে ইয়াসির রেখেছেন মুখ্য ভূমিকা। ১৩ টেস্টে ৮৬ উইকেট নিয়ে এরই মধ্যে আলোচনায় এনেছেন ১২০ বছরের পুরোনো এক রেকর্ডকে। টেস্টে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডটি তাঁর হবে কি না সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে কিংবদন্তি ওয়ার্নের সঙ্গে তুলনা হওয়াটাও তো কম পাওয়া নয়। ওয়ার্নের পর প্রথম লেগ স্পিনার হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছেন ইয়াসির।
ইংলিশ অলরাউন্ডার স্টোকস বলছেন, ‘শেন ওয়ার্নের পর ইয়াসির শাহই সেরা লেগ স্পিনার।’ ওল্ড ট্রাফোর্ডে পরের টেস্টে ইয়াসির আরও ভয়ংকর হয়ে উঠতে পারেন বলেও শঙ্কা তাঁর। তবে এও বলছেন, ইয়াসিরকে কীভাবে খেলতে হবে, সেটাও বের করবেন তাঁরা, ‘আমরা জানি পাকিস্তান খুবই ভালো দল। তবে আমরাও এই টেস্ট ম্যাচটা খেলতে যাচ্ছে এটা জেনে যে ইয়াসির কীভাবে, কোন কৌশলে বল করে। সুতরাং আমাদের উচিত হবে, সে অনুযায়ী ওকে সামলানোর ব্যবস্থা নেওয়া।’
আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে পাকিস্তান–ইংল্যান্ড। সূত্র: এএফপি।