'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পড়ে আছে অতীতেই'

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের চুক্তি সংক্রান্ত ঝামেলায় গত বছর ভারত সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে সে জন্য চড়া মূল্যই শোধ করতে হয়েছে। বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ দল থেকে। খেলতে পারেননি বিশ্বকাপ। একটা ক্ষোভ-অভিমান তাঁর আছেই। ব্রাভো প্রচণ্ড হতাশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সেও। ক্যারিবীয় ক্রিকেটের বর্তমান অবস্থার জন্য দায়ী করছেন ক্রিকেট প্রশাসকদেরই।
ব্রাভোর মতে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটা যেভাবে চলছে, সেটারই পুনর্মূল্যায়ন প্রয়োজন। বোর্ডের মধ্যে ভবিষ্যৎদ্রষ্টা অভাবই এই মুহূর্তে ক্যারিবীয় ক্রিকেটকে খাদের কিনারা নিয়ে গেছে, ‘সময় বদলে গেছে, আমার মতে, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা অতীত আঁকড়ে পড়ে আছি, কিন্তু নজরটা ভবিষ্যতের দিকে দিচ্ছি না। আমাদের পতনের জন্য দায়ী এটাই। আমি আমাদের ক্রিকেটের বর্তমান অবস্থায় সত্যিই দুঃখিত।’
কেবল ব্রাভোই নন, অস্ট্রেলিয়া সফরে হোবার্টে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পণ মুখ খুলে দিয়েছে বেশ কয়েকজন কিংবদন্তিতুল্য ক্যারিবীয় ক্রিকেটারেরও। মাইকেল হোল্ডিং কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সমালোচনা করে তাদের ‘অকার্যকর’ ও ‘অনির্ভরযোগ্য’ প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমন একটি প্রতিষ্ঠান এর অধীনস্থ কর্মীরা যাকে পছন্দ করে না।’ ব্রায়ান লারা বলেছিলেন ক্যারিবীয় ক্রিকেটে চলছে ‘অপশাসন।’
ব্রাভো দুঃখ করে বলেন, ‘এ বছরের গোড়ার দিকেও আমি টেস্ট খেলতে চেয়েছি। নির্বাচকদের কাছে জানতে চেয়েছি, আমাকে নিয়ে তাদের পরিকল্পনা। কিন্তু তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি।’
২০১০ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। নির্বাচকদের কাছ থেকে সাড়া না পেয়েই টেস্ট ক্রিকেটকে নাকি তিনি বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, ‘আমি আবারও টেস্ট খেলার সুযোগ পেলে খুবই খুশি হতাম। কিন্তু ২০১০ সালে টেস্ট দল থেকে বাদ পড়ার পর যখন আর কখনোই সুযোগ পেলাম না, তখন টেস্টকে বিদায় বলারই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি আমার প্রাণশক্তিকে এখন ভিন্ন খাতে কাজে লাগিয়েছি।’
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলার আশা এখনো ছাড়েননি তিনি, ‘আমি আশা ছেড়ে দিইনি। আমি মনে-প্রাণেই চাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামতে। সূত্র: এএফপি।