'কখনোই হেলমেট পরার কথা ভাবিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিভ রিচার্ডস
ভিভ রিচার্ডস

কোরি অ্যান্ডারসন, এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালামদের ব্যাটে চলছে নিত্য রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কেউ কেউ ব্যাটিংয়ের ব্যাকরণই যেন লিখছেন নতুন করে। ব্যাটিংয়ের চূড়ান্ত উৎকর্ষের এই যুগে তার পরও তিনিই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা। তিনি স্যার ভিভ রিচার্ডস। খেলা ছেড়ে দেওয়ার দুই যুগ পরও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। সম্প্রতি দ্য ক্রিকেট মান্থলি সাময়িকীর বিশেষজ্ঞ বিচারকদের ভোটে শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, অ্যাডাম গিলক্রিস্টদের বিশাল ব্যবধানে পেছনে ফেলে হয়েছেন সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। ওয়ানডে বিশ্বকাপের ডামাডোলে সেই ‘কিং ভিভ’ মুখোমুখি হলেন দ্য ক্রিকেট মান্থলির। শোনালেন তাঁর ব্যাটিং-দর্শনের কথা

বিচারকদের বেশির ভাগই আপনাকে বেছে নিয়েছেন, কারণ আপনি আপনার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন।কীভাবে সেটা সম্ভব হলো? মানে, তখন তো ওয়ানডে ক্রিকেট একেবারেই নতুন...

ভিভ রিচার্ডস: আমার প্রথমেই যেটা মনে হয়েছিল যে, এ ধরনের ক্রিকেটে আক্রমণ করে খেলতে হবে। রান তুলতে হবে অনেক বেশি। ব্যস, সহজ হিসাব। আমরা অনেক সময় রক্ষণাত্মক খেলি, অনেক সময় সেটা ছাড়া উপায় থাকে না। কিন্তু আমার মাথায় ছিল শুধু আক্রমণ। কারণ আক্রমণেই শুধু আপনি প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। যদি সেটা না পারলে তখন আপনি রক্ষণাত্মক হবেন।

আর সেই আক্রমণের শুরুই হতো ব্যাট হাতে আপনি ক্রিজের দিকে হাঁটতে শুরু করার সময় থেকেই...

রিচার্ডস: কেউ কেউ মাঝে মাঝে বলেন যে আমি নাকি খুব আগ্রাসী ছিলাম। আমি সেটা মনে করি না। এটা ছিল লড়াইয়ের মঞ্চ তৈরি করার ব্যাপার। কারণ প্রতিপক্ষও তো তৈরি হয়েই আছে। আমাকে তো বোঝাতে হবে যে আমিও তৈরি।

তার মানে এটা ইচ্ছাকৃতই ছিল।ওই রাজকীয় হাঁটা, সেই চুইংগাম চিবানো?

রিচার্ডস: জানেন, এর মাধ্যমেআমি শক্তি পেতাম। আমার মনে হতো, সবাই আমার উপস্থিতি টের পাচ্ছে। সেটা টের পাওয়ানোর দরকার ছিল। কারণ ক্রিকেট ১১ জনের খেলা হলেও আপনি যখন ব্যাট হাতে নামবেন আপনার লড়াইটা কিন্তু একজন বোলারের সঙ্গে। তখন যা কিছু হবে সবই আপনার আর বোলারের মধ্যে। আপনি তাকে মারবেন, আবার সেও ছয়টা বল করার সুযোগ পাচ্ছে যা দিয়ে আপনার সামর্থ্যের পরীক্ষা নেবে। প্রতিটি বলই একেকটা লড়াই।

আপনি কি বুঝতেন যে আপনার উপস্থিতি বোলারের মনে একধরনের ত্রাস সৃষ্টি করছে?

রিচার্ডস: আমি তো সেটাই চাইতাম। কেউ কেউ ভাবতেন, ফাস্ট বোলারদের একটু সম্মান দিয়েই খেলতে হবে। আমি প্রমাণ করতে চেয়েছি যে, সেটার কোনো দরকার নেই। আমার হাতে ব্যাট এবং আমিই শাসন করব। আমার মনে হয়, যেকোনো ভালো ব্যাটসম্যান সে টেন্ডুলকার হোক, লারা কিংবা পন্টিং, নিজের দিনে এভাবেই ভাবে।

তাহলে এমন কোনো বোলার কি ছিল, যাকে আপনি সম্মান করতে বাধ্য হয়েছিলেন? কিংবা যিনি আপনাকে কিছুটা সমস্যায় ফেলেছিলেন? মানে ওয়ানডে ক্রিকেটে আরকি...

রিচার্ডস: তেমন কেউ না। তবে আমি ইমরান খানের কথা বলব। কিংবা আমার ক্যারিয়ারের শেষের দিকে ওয়াসিম আকরাম। আমি বুঝতে পেরেছিলাম, তার মধ্যে একটা বিশেষ কিছু আছে। সে যেভাবে দৌড়ে আসত কিংবা তার হাতের মুভমেন্ট যে রকম দ্রুত ছিল, যেভাবে খুশি সেভাবে মারার উপায় ছিল না। আমি তাকে আলাদা ক্যাটাগরিতে রাখব। আমি খুশি যে সে শুরু করেছে আমার গোধূলি বেলায়।

ওয়ানডেতে কার সঙ্গে ব্যাট করে বেশি আনন্দ পেতেন?

রিচার্ডস: আমার ডেসমন্ড হেইন্সের সঙ্গে ব্যাট করতে ভালো লাগত। ওর একটা গুণ ছিল, যখন আপনি দারুণ ছন্দে আছেন তখন সেও খুব ভালোভাবে স্ট্রাইক বদলাতে পারত। এটা বড় খেলোয়াড়ের লক্ষণ। কোন পরিস্থিতিতে আছে সেটা বুঝে দ্রুত নিজেকে মানিয়ে নেওয়া। সঙ্গী হিসেবে তার তুলনা ছিল না।

আপনি অধিনায়ক হওয়ার পরে কি ব্যাটিংয়ের ধরন কিছুটা বদলেছিলেন?

রিচার্ডস: আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি আরেকটু দায়িত্বশীল হতে শুরু করলাম। কারণ তখন আমার কাঁধে দলেরও দায়িত্ব। তবে শুধু চিন্তার জায়গাটাই বদলেছিল, ব্যাটিং নয়।

পেছনে তাকালে কি মনে হয় যে ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালটা আপনি একটু দেখেশুনে খেললেই জিততে পারতেন?

রিচার্ডস: না, না, না। আমি ওভাবে ভাবি না। আমি সব সময় আমার খেলা নিয়ে ইতিবাচক থাকতে চেয়েছি। আপনার হাতে যে তাস থাকে সেটা দিয়েই তো আপনাকে দানটা খেলতে হবে।

ওয়ানডেতে নিজের প্রিয় ইনিংস কোনটা?

রিচার্ডস: অনেকগুলোই। ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯, ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮। মেলবোর্নে লিলি-টমসনদের বিপক্ষে ১৫৩-এর কথাও মনে হচ্ছে।

১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে আপনাদের ইনিংসের শেষ বলে আপনি যে শটটা খেলেছিলেন, আগেই বুঝতে পেরেছিলেন বলটা ওদিকে যাবে?

রিচার্ডস: কিছুটা তো আন্দাজ করতেই হয়। ইনিংসের শেষ বল, আপনি নিশ্চয়ই সিঙ্গেল নিতে চাইবেন না, আপনার লক্ষ্য ছক্কা। বাউন্ডারিটা ছোট ছিল। আমিও বলটা ভালোই বুঝতে পারলাম এবং ফ্লিক করলাম ছয়ের জন্য। ওয়ানডে ক্রিকেটে সব সময় বলের গুণ বিচার করে খেললে হয় না। কখনো কখনো আপনাকে একটু এগিয়ে ভাবতে হয়।

কখনো রিভার্স সুইপ খেলার ইচ্ছে হয়নি?

রিচার্ডস: আমি চাইতাম বলটাকে আমার সামনের দিকে মারতে। তবে আমি কখনো কখনো লেট কাট কিংবা সুইপ খেলার চেষ্টা করেছি। তবে আমার শক্তির জায়গাটা ছিল ডাউন দ্য গ্রাউন্ড, এক্সট্রা কাভার আর মিড উইকেটের দিকে।

আপনি অবসর নেওয়ার পর ব্যাটিংয়ের বিবর্তনটা কীভাবে দেখছেন?

রিচার্ডস: আমার তো ভালোই লাগে। এখন ছেলেরা অনেক রকম শট খেলে। আর হেলমেট পরে খেললে সাহসও অনেক বেড়ে যায়।

আপনি যদি আরও অনেক দিন ক্রিকেট খেলতেন, কখনো হেলমেট পরতেন?

রিচার্ডস: না। আমি কখনোই হেলমেট পরার কথা ভাবিনি। এটা তো ব্যাট-বলের খেলা। বল মারতে না পারলে আমার গায়ে লাগবে, অথবা যাই হোক কিছু একটা হবে। হোক, তবু আমি আমার মতোই খেলেছি।

অবসরের পর এমন কোনো ব্যাটসম্যানকে দেখেছেন, যাঁকে দেখলে আপনার নিজের কথা মনে হয়?

রিচার্ডস: অনেকেই আছেন যাদের খেলা আমি উপভোগ করি। কিন্তু আমি তুলনা করতে চাই না। প্রত্যকেরই নিজস্ব ধরন আছে। সেটা নিয়ে কথা বলতে চাই না।