'কনের বাবা'র চোখ দিয়ে হবে অস্ট্রেলিয়ার দল নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। ছবি: এএফপি
অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। ছবি: এএফপি

অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব নেওয়ার পরই শিষ্যদের আচরণ ঠিক করার নির্দেশ দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। সেই নির্দেশটা কেমন, সে প্রসঙ্গে একটা ধারণা দিলেন অ্যাডাম গিলক্রিস্ট—খেলোয়াড়েরা যেন প্রমাণ করতে পারেন, তাঁরা কোচের মেয়েকে বিয়ে করার যোগ্য

ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের বল-বিকৃতি কাণ্ডের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। এ ছাড়া মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি অস্ট্রেলীয় ক্রিকেটারদের নির্মম ‘স্লেজিং’ বিতর্ক ছড়িয়েছে সাম্প্রতিক সময়। জাস্টিন ল্যাঙ্গার তাই টিম পেইনদের কোচের দায়িত্ব নেওয়ার পর একটি ব্যাপার পরিষ্কার বলে দিয়েছেন, আচরণের ব্যাপারে খেলোয়াড়দের কোনো ছাড় দেওয়া হবে না।

সেই আচরণটা কেমন হবে? অ্যাডাম গিলক্রিস্ট একটা উদাহরণ টানলেন, খেলোয়াড়েরা যেন প্রমাণ করতে পারেন, তাঁরা কোচের মেয়েকে বিয়ে করার যোগ্য। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সংস্কৃতি সংস্কারের দায়িত্ব নেওয়া ল্যাঙ্গার নাকি ব্রিসবেনে প্রাক্-ইংল্যান্ড সফরের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের আচরণের এই মানদণ্ডই বেঁধে দিয়েছেন বলে জানিয়েছেন গিলি।

অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান ও উইকেটরক্ষক গিলক্রিস্ট এখন ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার। সংবাদমাধ্যমটির অনুষ্ঠানে গিলি কৌতুকের সুরে বলেন, ‘আপনারা শুনেছেন ল্যাঙ্গার সততা ও বিনয় চান (খেলোয়াড়দের কাছ থেকে)। আমি যেটা তাঁকে বলতে শুনেছি, খেলোয়াড়দের এতটা ভালো হতে হবে, যেন তিনি তাঁর মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। তাঁর চারটি মেয়ে আছে—আর এভাবে নির্বাচন প্রক্রিয়াও এগিয়ে চলছে।’

ল্যাঙ্গার যে তাঁর শিষ্যদের সব সময় নম্র-ভদ্র থাকার নির্দেশ দিয়েছেন, ঠিক তা নয়। খেলোয়াড়দের যেমন সুশৃঙ্খল হতে হবে, তেমনি অস্ট্রেলীয় ক্রিকেটের ঐতিহ্য মেনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে মাঠেও। ব্রিসবেনের ক্যাম্পে শিষ্যদের প্রতি ল্যাঙ্গার সরাসরি বলেছেন, ‘প্রথম দিন থেকেই শুনে রাখো, পেশাদারি, সততা আর বিনয়ে আমাদের শীর্ষস্থান দখল করতে হবে। কত রান করলে, সেটা বিষয় নয়, ভালো মানুষ হতে না পারলে মানুষ এটাই মনে রাখবে।’