'কাঁচামাল' নিয়ে গেলেন টার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রস টার্নার
রস টার্নার

জাতীয় ক্রিকেট একাডেমির কোচ ছিলেন একসময়। শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ অস্ট্রেলিয়া ফিরে গেলেও বাংলাদেশের ক্রিকেটে রস টার্নারকে আবারও দেখা যাচ্ছে নতুন ভূমিকায়। এবার তাঁকে দেওয়া হচ্ছে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে চার বছর মেয়াদি পরিকল্পনা তৈরির দায়িত্ব।
পরিকল্পনা তৈরির প্রাথমিক কাজ করতে গত বৃহস্পতিবার ঢাকায় এসেছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ। ফিরে গেছেন কাল রাতে। মাঝের এই সময়টাতে তিনি পরিকল্পনার ‘কাঁচামাল’ সংগ্রহ করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, সহসভাপতি মাহবুবুল আনাম, ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান, টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানসহ আরও কয়েকজন বোর্ড পরিচালক এবং বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে। আকরাম খান জানালেন, ‘আইসিসি জয়ের সময় থেকেই আমি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এ দেশের ক্রিকেট কীভাবে এই পর্যায়ে এল, কোথায় আমাদের দুর্বলতা বা শক্তিমত্তা, সেসব ব্যাপারে তিনি আমার কাছ থেকে ধারণা নিয়েছেন।’
কাল দুপুরে বিসিবি কার্যালয় ছেড়ে যাওয়ার আগে ছোটখাটো একটা সংবাদ সম্মেলনেও কথা বলেছেন টার্নার। জানিয়েছেন, ‘আমরা প্রাথমিক কাজটুকু করেছি। গত তিন দিনে আমি বোর্ড কর্মকর্তাদের সামনে আমার কৌশলগত পরিকল্পনা ব্যাখ্যা করেছি। তাঁদের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে ধারণা নিয়েছি।’
একটু দেরিতে হলেও বিসিবি উপলব্ধি করেছে, ক্রিকেট উন্নয়নের জন্য চাই সুনির্দিষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কৌশলগত পরিকল্পনা। সেই উপলব্ধি থেকেই রস টার্নারের দরজায় কড়া নাড়া। আগামী চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোথায় থাকা উচিত, খেলার মান কেমন হওয়া উচিত, মহিলা ক্রিকেট বা বয়সভিত্তিক ক্রিকেটের অবস্থান এমনকি প্রশাসনিকভাবেই বা বিসিবির চেহারাটা কেমন থাকা উচিত—আগে ঠিক করা হবে এসব লক্ষ্য।
‘বাংলাদেশের খেলা এবং সাংগঠনিক দক্ষতার মান কীভাবে বাড়ানো যায় বা কীভাবে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে, পরবর্তী ধাপে আমরা সেসবের ওপর মনোযোগ দেব’—বলেছেন টার্নার। বিসিবিকে তিনি যে খসড়া পরিকল্পনাটি দিয়েছেন, সেখানে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের প্রস্তাব দিয়ে একই সঙ্গে তৃণমূল এবং আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট উন্নয়নের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান বাড়াতেই এটিকে জরুরি মনে করেন টার্নার।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম আশাবাদী, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ফলপ্রসূ পরিকল্পনাই দেবেন টার্নার, ‘রস টার্নার বিসিবিকে একটা খসড়া পরিকল্পনা দিয়েছেন, যেটির ওপর ভিত্তি করে তিনি এবার আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে গেলেন। অনেক বিষয়ে ধারণা নিলেন। এসবের ওপর কাজ করে তিনি আগামী চার বছরের জন্য চূড়ান্ত পরিকল্পনা তৈরি করবেন।’