'কাচোপা'র হাতেই নয় ক্যাচ!

স্কোরকার্ডে ১০ উইকেটের একটি এলবিডব্লু, বাকি নয়টি ক্যাচ। এ নয়টির প্রতিটির পাশে একটি অভিন্ন শব্দ—কাচোপা! তাহলে এক ফিল্ডারের হাতে ধরা পড়লেন প্রতিপক্ষের নয় ব্যাটসম্যান! ঘটনা পুরোপুরি এমন না হলেও আবার ভুল বলার উপায় কী? আসলে কাচোপা পরিবারের তিন ভাই খেলেছেন এক দলে। আর প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ‘বেছে বেছে’ ক্যাচ তুলে দিয়েছেন ওই তিন ভাইয়ের হাতেই!
ঘটনা নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডস ও অকল্যান্ড এসেসের চারদিনের ম্যাচে। কাচোপারা তিন ভাই খেলছেন অকল্যান্ডের হয়ে। গত সপ্তাহে বেসিন রিজার্ভে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম ইনিংসে ওয়েলিংটন অলআউট হয় ১৯৯ রানে। ওয়েলিংটনের ওপেনার বারনেট শুধু এলবিডব্লুর শিকার। বাকি নয় ব্যাটসম্যান একে একে ক্যাচ তুলে দিলেন ব্রাড, ক্রেইগ ও কার্ল কাচোপার হাতে। এর মধ্যে ব্রাড নিয়েছেন পাঁচটি, ক্রেইগ তিনটি ও কার্ল একটি। এখানে ব্রাড দলের উইকেটরক্ষক।
ঘটনার পর রসিকতা করে ক্রেইগ টুইট করেছেন, ‘খেলোয়াড়দের জন্য দারুণ একটা দিন গেল! আমি ও আমার ভাইদের হাতে অনেকগুলো ক্যাচ এল। সেগুলোর একটিও কেউ চাইল না!’ শুধু ফিল্ডার হিসেবেই নয়, ব্যাট হাতেও দলকে বিপর্যয় হতে রক্ষা করেছেন কাচোপা ভাইয়েরা। ম্যাচটি অকল্যান্ড জিতেছে ৬ উইকেটে। সূত্র: গার্ডিয়ান।