'কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচি রিচার্ডসন
রিচি রিচার্ডসন

ফাস্ট বোলারদের কাছে ছিলেন ভীতি-জাগানিয়া নাম। ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক। গড়েছেন অসংখ্য কীর্তি। সেই স্যার রিচার্ড বেঞ্জামিন রিচার্ডসন যাঁকে রিচি রিচার্ডসন নামেই চেনে সবাই, অনেক দিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজারের দায়িত্বে। বাংলাদেশ সিরিজের ঠিক আগে ওটিস গিবসন সরে যাওয়ায় এখন তিনি ভারপ্রাপ্ত কোচও। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার ফিরে গেলেন অতীতে, বললেন ভবিষ্যতের কথাও
 ৫০০তম টেস্ট খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। দীর্ঘ এই পথপরিক্রমাকে কীভাবে দেখেন?
রিচি রিচার্ডসন: এই দীর্ঘযাত্রায় আমি কেবল গত ৩০ বছরেরই সঙ্গী। আমাদের সবার জন্য এটা অনেক গর্বের একটা মুহূর্ত। খুব কম দেশই আছে যারা এত বেশি বিশ্বমানের, এত বেশি গ্রেট খেলোয়াড়ের জন্ম দিয়েছে। এটা অসাধারণ এক অর্জন। আমি ব্যক্তিগতভাবে খুবই গর্বিত এবং আমার বিশ্বাস বিগত বছরগুলোতে আমরা যা অর্জন করেছি, তাতে ওয়েস্ট ইন্ডিজের সবাই গর্বিত। আমরা জাতি হিসেবে খুব ছোট, আমাদের মানুষ কম, সম্পদ সীমিত। এসব নিয়েও আমরা যা অর্জন করেছি তার জন্য প্রশাসক, খেলোয়াড়, দর্শক-সমর্থক সবাইকেই কৃতিত্ব দিতে হবে।
 এই যাত্রার শুরুটা কীভাবে এবং কীভাবে আজকের অবস্থায় এল? একটু কি সংক্ষেপে বলবেন?
রিচার্ডসন: আসলে আমরা কীভাবে ক্রিকেট খেলা শুরু করেছি, সেটা জানলে গর্বিত অনুভব করতাম। তবে হ্যাঁ, কাজটা খুবই কঠিন ছিল সন্দেহ নেই। আগেই বলেছি, আমরা সব সময়ই বিশ্বমানের, রোমাঞ্চকর সব গ্রেট খেলোয়াড়ের জন্ম দিয়েছি। আমরা তা সব সময়ই করে যাব।
 এমন কোনো ঘটনা কি মনে করতে পারেন যে জন্য ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ হয়?
রিচার্ডসন: একটা সময় ছিল যখন বেশ কয়েক বছর ধরে আমরাই ছিলাম পৃথিবীর সেরা দল। ওই সময় কোনো দলই কোনো আন্তর্জাতিক খেলায় এতটা আধিপত্য দেখায়নি, যা আমরা ক্রিকেটে দেখিয়েছি। কাজেই আমার দৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ওটাই সবচেয়ে গর্বের সময়। সত্যি বলতে কি, দেশ এবং দেশের বাইরে যে কাউকে হারানোর সামর্থ্য ছিল তখন আমাদের।
 ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের এক সাক্ষী আপনি। কিন্তু এখনকার ওয়েস্ট ইন্ডিজ দল সেই আশির দশকের দলটার মতো এত ভালো নয়। ব্যাপারটাকে কীভাবে দেখেন...
রিচার্ডসন: দেখুন, আমি খুব বাস্তববাদী মানুষ এবং এটাও জানি যে, পৃথিবী গোল। আপনি যেভাবে চাইবেন, সব সময় সবকিছু সেভাবে হবে না। যেটা গুরুত্বপূর্ণ, আবারও শীর্ষে ফেরার জন্য প্রয়োজনীয় কাজগুলো করে যাওয়া। অনেক দিন হলো আমরা সেরা তিন বা চারের মধ্যে নেই। আমাদের লক্ষ্য আবারও এক নম্বর হওয়া এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সবাই জানে আবার শীর্ষে ফিরতে হলে আমাদের কী করতে হবে। সে জন্য তারা সবকিছুই করছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন পেশাদারির পথে হাঁটছে। সবগুলো আঞ্চলিক দল পেশাদার হবে এবং আমি নিশ্চিত, তাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হারিয়ে যাওয়া সোনালি সময় ফিরে আসবে।
 ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারার স্মৃতিটা মনে পড়ে? আপনি তখন অধিনায়ক। বলা হয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ ওখানেই শেষ...
রিচার্ডসন: হ্যাঁ, ওই ম্যাচের কথা খুব ভালোই মনে আছে। আমার এখনো বিশ্বাস, ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ফাইনালে যাকেই সামনে পেতাম তাকেই আমরা হারাতাম। পরে তো শ্রীলঙ্কা হলো। আসলে কিছু কারণে আমাদের কিছু ভুল হয়ে গিয়েছিল। জানি না ঠিক কী হয়েছিল। আমি শুধু জানি ওই ম্যাচের আগে অস্ট্রেলিয়ানরা অনেক ক্লান্ত ছিল। অনেকগুলো ম্যাচ খেললেও তাদের ঠিক প্রস্তুত মনে হচ্ছিল না। অন্যদিকে আমরা জানতাম তাদের হারাতে পারলেই বিশেষ কিছু পেতে যাচ্ছি আমরা। কিন্তু দলটার কী যেন হলো...কোনো কারণে সবাই খুব আয়েশে গা ভাসাল। আমি আসলেই জানি না কেন...তবে এই জিনিসটা এখনো আমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। কারণ আসলেই আমরা আয়েশি হয়ে পড়েছিলাম এবং অস্ট্রেলিয়াকে জিততে দিয়েছিলাম।
 আপনার অবসরের পরও ওয়েস্ট ইন্ডিজ দলে একজন গ্রেট খেলোয়াড় ছিলেন—ব্রায়ান লারা। কিন্তু এখন বিশ্বমানের তারকা হতে পারে এমন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ দলে খুব কমই দেখা যায়। এর কারণ কী?
রিচার্ডসন: আসলে ঠিক বলতে পারব না...এটা ব্যাখ্যা করা কঠিন। তবে আমাদের প্রতিভাবান খেলোয়াড় আছে। সুনীল নারাইন বিশ্বমানের খেলোয়াড়। ওয়ানডের বোলিং র্যা ঙ্কিংয়ে সে দুইয়ে আছে। শিবনারায়ণ চন্দরপল এখনো সেরা পাঁচে। স্যামুয়েল বদ্রি টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর। ক্রিস গেইলকে ধরা হয় সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান, বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে। কেমার রোচ মাত্রই র্যা ঙ্কিংয়ের সেরা দশে ঢুকল। কাজেই বিশ্বমানের হতে পারে, এমন খেলোয়াড় আমাদের আছে। কিন্তু একটা দল হিসেবে শীর্ষে যাওয়ার জন্য এখনো আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমার বিশ্বাস, সেই সময়টা আবারও আসবে যখন আপনি আমাদের দলটাকে আবারও সবার ওপরে দেখবেন।
 সব দলেরই খারাপ সময় যায়। ওয়েস্ট ইন্ডিজ দলেরও হয়তো এখন সে রকম সময়ই যাচ্ছে। কিন্তু আপনি কতটা আত্মবিশ্বাসী যে দলটা আবারও এক নম্বরে উঠবে?
রিচার্ডসন: এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে যেকোনো কিছুই হতে পারে। প্রযুক্তি-টযুক্তি মিলিয়ে ক্রিকেটটা এখন যে রকম হয়ে গেছে তাতে আগের মতো দীর্ঘ সময় ধরে কোনো একটা দলের পক্ষে আধিপত্য ধরে রাখা কঠিন। প্রযুক্তির ব্যবহারে সবকিছুই এখন দ্রুত বদলাচ্ছে। কাজেই কাজটা খুবই কঠিন। বলব না যে অসম্ভব। তবে এটা সহজও নয় এই কারণে যে, দলগুলো প্রতিনিয়তই উন্নতি করছে। এমনকি বাংলাদেশও। এই দলটা অনেক দ্রুত উন্নতি করছে। কাজেই আমার মনে হয় কাজটা কঠিন। তবে আবারও বলি, যেকোনো কিছুই সম্ভব।
 ওয়েস্ট ইন্ডিজের গ্রেটেস্ট ক্রিকেটার মনে করেন কাকে? কোনো একটা নাম কি বলতে পারবেন?
রিচার্ডসন: মনে হয় না নির্দিষ্ট করে একজনের নাম বলতে পারব। গ্রেট হিসেবে বেশ কয়েকজন ক্রিকেটারের নামই বলতে হবে। স্যার গারফিল্ড সোবার্স ছিলেন, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা আছে। আমাদের গ্রেট খেলোয়াড় আসলে বেশ কয়েকজনই। রোহান কানহাই, ল্যান্স গিবস এবং ফাস্ট বোলার হিসেবে অ্যান্ডি রবার্টস।