'কাপুরুষ' ইংলিশদের জবাব দিয়েছিলেন যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল উডফুল: আজ তাঁর ৫২তম মৃত্যুবার্ষিকী। ছবি: এএফপি
বিল উডফুল: আজ তাঁর ৫২তম মৃত্যুবার্ষিকী। ছবি: এএফপি

বডিলাইন সিরিজে (১৯৩২-৩৩ অ্যাশেজ) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেওয়া ৩৪১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল উডফুল ও জ্যাক ফিঙ্গলেটন। চারপাশ ঘিরে ধরা ইংলিশ ফিল্ডাররা ছাড়াও অ্যাডিলেড ওভালে উপস্থিত প্রায় ৫১ হাজার দর্শকের চাপ নিতে পারেননি ফিঙ্গলেটন। গাবি অ্যালেনের বলে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিলেন রানের খাতা খোলার আগেই।

অন্য প্রান্তে স্বাগতিক অধিনায়ক উডফুল তখনো টের পাননি, তাঁর জন্য অপেক্ষা করছে বড় দুর্গতি! ইনিংসের তৃতীয় ওভারটি ছিল হ্যারল্ড লারউডের। ক্রিকেট ইতিহাসের কুখ্যাত ‘বডিলাইন’ সিরিজের ‘সাইনবোর্ড’ বোলার! প্রথাগত পদ্ধতিতেই ফিল্ডিং সাজিয়ে উডফুলকে একের পর এক বাউন্সার মারতে শুরু করলেন লারউড। পঞ্চম বলে কোনো রকমে নিজের মাথাটা বাঁচালেন উডফুল। কিন্তু ওভারের শেষ বলে আর পারেননি। লারউড জানতেন, উডফুলের রক্ষণ জমাট; যে কারণে সতীর্থদের কাছে তাঁর পরিচিতি ‘রক’ এবং ‘দ্য আন বোলেবল’। অর্থাৎ খুব কম সময়েই তাঁকে বোল্ড আউট করা গেছে।

লারউড তাই আগের ডেলিভারিগুলোর মতোই ওভারের শেষ বলটা করেছিলেন মিডল স্ট্যাম্প বরাবর, কিছুটা শর্ট লেংথে। বলটা সাঁ করে আঘাত হানল উডফুলের বুকে! ব্যথায় টলতে টলতে ধনুকের মতো বেঁকে যাওয়া উডফুলের হাত থেকে খসে পড়ল ব্যাট। সৃষ্টি হলো ‘বডিলাইন সিরিজের অন্যতম ‘আইকনিক’ ছবি। ওদিকে ইংলিশ অধিনায়ক ডগলাস জার্ডিন তাঁর বোলারের পিঠ চাপড়ে দিয়ে বললেন, ‘ওয়েল বোলড, হ্যারল্ড’!

অ্যাডিলেডের গ্যালারিতে তখন উৎকণ্ঠা আর চাপা রাগের বহিঃপ্রকাশ। উডফুল মাঠেই কিছুটা সেবা-শুশ্রূষা নিয়ে আবারও ব্যাট করতে দাঁড়ালেন। যদিও সবাই ভেবেছিল, অমন মার খাওয়ার পর ক্রিজে নয়, হাসপাতালই ঠিকানা হবে হয়তো! এক ওভার পরে আবারও লারউডের মুখোমুখি উডফুল। এবার লেগ সাইডে ছাতার মতো ফিল্ডিং সাজালেন ইংলিশ পেসার। ভীম গতির বাউন্সারে উডফুলের হাত থেকে আরও একবার ব্যাট ফেলে দিলেন লারউড। গ্যালারিতে এবারও চাপা উত্তেজনা, শোরগোল। এরপর গাবি অ্যালেন এসে নড়বড়ে উডফুলের স্ট্যাম্প উপড়ে ফেললেন। স্কোরবোর্ড সে সাক্ষ্য দিলেও উডফুলকে আসলে আউট করেছিলেন লারউড। পরে উডফুলের স্ত্রী বলেছিলেন, ৬৭ বছর বয়সে তাঁর মারা যাওয়ার নেপথ্যে ছিল বুকের সেই আঘাত!

বিতর্কিত সেই সিরিজে ইংল্যান্ড দলের ট্যুর ম্যানেজার ছিলেন স্যার পেলহাম ওয়ার্নার ও রিচার্ড প্যালারিয়েট। শেষ সেশনের খেলা চলাকালীন অস্ট্রেলিয়ার দ্বাদশ খেলোয়াড় লিও ও’ব্রায়েনের কাছে তাঁরা শুনলেন, ড্রেসিংরুমে উডফুলের অবস্থা ভালো নয়। ক্রিকেট ‘জেন্টলম্যানস গেম’ কথাটার মান রাখতেই হয়তো ওয়ার্নার-প্যালারিয়েট মিলে ছুটে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে। সেখানে উডফুলকে তাঁরা শারীরিক কুশলাদি জিজ্ঞেস করতেই অস্ট্রেলিয়া অধিনায়ক এমন এক জবাব দিয়েছিলেন, যা অ্যাশেজ তো বটেই, ক্রিকেট ইতিহাসেরই সেরা উক্তিগুলোর একটি—‘আপনার সঙ্গে দেখা করতে চাই না মি. ওয়ার্নার। মাঠে দুটি দল খেলছে; এক দল ক্রিকেট খেলার চেষ্টা করছে, কিন্তু অন্য দল তা করছে না। গোটা ব্যাপারটাই আপনার হাতে মি. ওয়ার্নার, এ ছাড়া আমার আর কিছুই বলার নেই। শুভ অপরাহ্ণ।’

পাদরির ঘরে জন্ম নেওয়া উডফুল ক্রিকেটের পাশাপাশি স্কুলমাস্টারের প্রশিক্ষণও নিয়েছিলেন। খেলোয়াড়দের প্রতি নমনীয় মানসিকতা ও উদারতার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে তিনি চিরস্মরণীয়। তবে বাকপটু হিসেবেও তাঁর খ্যাতি কম ছিল না! সেই অ্যাশেজ সিরিজেই একবার অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে ঢুঁ মারেন ইংলিশ দলপতি ডগলাস জার্ডিন। ‘লেগ সাইড থিওরি’র জন্য জার্ডিন তখন অস্ট্রেলিয়া দলের কাছে খলনায়ক। কিন্তু দেখা গেল, জার্ডিন উল্টো নালিশ নিয়ে এসেছেন অস্ট্রেলিয়া অধিনায়কের কাছে। ইংল্যান্ড অধিনায়কের দাবি, মাঠে অস্ট্রেলিয়ার কোনো এক খেলোয়াড় তাঁকে ‘বাস্টার্ড’ বলে গালি দিয়েছে! এ জন্য ক্ষমা চাইতে হবে গোটা দলকে! উডফুল করলেন কী, জার্ডিনের দিকে আঙুল নির্দেশ করে সতীর্থদের বললেন, ‘তোমাদের মধ্যে কোন বাস্টার্ড, এই বাস্টার্ডকে বাস্টার্ড বলেছ?’
৩৫ টেস্টের ক্যারিয়ারে অ্যাশেজেই ২৫ টেস্ট খেলেছেন উডফুল। ১৫ টেস্টে নেতৃত্ব দিয়ে ৫ জয়। কিন্তু ইতিহাস তাঁকে এ জন্য মনে রাখবে না। প্রথম অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে দুইবার অ্যাশেজ সিরিজ জিতেছেন তিনি। দুবারই সিরিজ জিতেছেন নিজের জন্মদিনে! উডফুলের জন্ম ১৮৯৭ সালের ২২ আগস্ট। মৃত্যুও একই মাসে। ‘রক’ পৃথিবী ছেড়ে চলে গেছেন ১৯৬৫ সালের ১১ আগস্ট। আজ তাঁর ৫২তম মৃত্যুবার্ষিকী।