
এমনিতেই একটু তেতে ছিলেন বরুণ অ্যারন। দলের সবচেয়ে দ্রুতগতির বোলার তিনি। অথচ ৩১ ওভার পর্যন্ত তাঁকে বোলিংয়েই আনেননি অধিনায়ক! অবশেষে বল হাতে পাওয়ার পর প্রথম বল থেকেই বোলিং করছিলেন তেড়েফুঁড়ে। শুরু থেকেই গতি ১৪৫-এর আশপাশে। দ্বিতীয় ওভারেই পেয়ে গেলেন সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেট। বোল্ড ডেভিড ওয়ার্নার!
কিন্তু ড্রেসিংরুমের পথে হাঁটতে থাকা ওয়ার্নারকে থামতে বললেন আম্পায়ার, নো বল পরীক্ষা করে দেখার জন্য। টিভি রিপ্লেতে দেখা গেল টাচলাইনের অনেকটা বাইরে থেকে নো-বল! ফেরার পথে চেঁচিয়ে কিছু একটা বললেন ওয়ার্নার। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব, কথার লড়াই, মুহূর্তেই জটলা, প্রায় নাকে নাক ঠেকিয়ে দাঁড়ানো অনেকেই!
শুরুটা হয়েছিল অ্যারনের মাধ্যমেই। ওয়ার্নারকে বোল্ড করে অ্যারন ‘সেন্ড অফ’ জানিয়েছিলেন ‘কাম অন, কাম অন’ বলে চেঁচিয়ে। পরে বিরাট কোহলির দিকেও একটা ‘লুক’ দিয়েছিলেন, হয়তো বল দেরিতে দেওয়ার জন্য। ভারতীয় অধিনায়ক পিঠ চাপড়ে দিলেন। ঝামেলা হলো অন্য জয়াগায়। নো-বলের সৌজন্যে নতুন জীবন পাওয়া ওয়ার্নার অ্যারনকে জবাব দিলেন ক্রিজে ফেরার পথে গলা ফাটিয়ে ‘কাম অন, কাম অ....ন..’ বলে। অ্যারন তো ছাড়ার পাত্র নন, গেলেন এগিয়ে। ওয়ার্নারও সটান দাঁড়িয়ে গেলেন পাল্টা জবাবে। ছুটে এলেন শিখর ধাওয়ান, মুহূর্তেই ওয়ার্নারকে ঘিরে বেশ কজন ভারতীয়। চলছিল কথার লড়াই। নন-স্ট্রাইক প্রান্ত থেকে সতীর্থের সাহায্যে এগিয়ে গেলেন শেন ওয়াটসন। সব মিলিয়ে ভজকট। মাঝখানে দাঁড়িয়ে আম্পায়ার ইয়ান গুল্ড ও মারাইস ইরাসমাস চেষ্টা করছিলেন থামাতে। কে শোনে কার কথা!
শেষ পর্যন্ত পরিস্থিতি থামালেন এমন একজন, অন্য যেকোনো সময় হয়তো এই আগুনে ঘি ঢালতেন যিনি। সহজাত আগ্রাসী কোহলি এসব ক্ষেত্রে সর্বদাই আগ্রাসী। তবে এই টেস্টে যে তাঁর কাঁধে দলের নেতৃত্ব! কোহলি থামালেন সতীর্থদের। ওয়ার্নারকে কাছে নিয়ে কিছু একটা বুঝিয়ে বললেন, কথা বললেন ওয়াটসনের সঙ্গেও। আপাতত শান্ত পরিস্থিতি।
তবে উত্তেজনার রেশ থাকলই। অগ্নিঝরা দৃষ্টি, স্লেজিংয়ের মাত্রা টুকটাক থেকে আরেকটু বাড়ল। বিকেলে আরেক দফা চড়ল উত্তেজনার পারদ। স্টিভেন স্মিথের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিলেন বোলার রোহিত শর্মা। খুবই হাস্যকর আবেদন, বল চলে যেত লেগ স্টাম্পের ফুট দুই-আড়াই বাইরে দিয়ে। রোহিত হয়তো স্মিথকে রাগাতেই জোরালো আবেদন করেছিলেন। আম্পায়ার সাড়া দেননি যৌক্তিক কারণে। স্মিথের মুখে তখন হাসি, স্ট্রাইক প্রান্ত থেকেই রোহিতের দিকে দুহাত নাড়িয়ে যেন বোঝাতে চাইলেন, ‘এসব কী!’ চটে গেলেন রোহিত, ‘হোয়াট...হো..য়া..ট?’ এবার আম্পায়ার শান্ত করলেন রোহিতকে। সব মিলিয়ে উত্তেজনার এক দিন।
‘ফিল হিউজের টেস্ট’ বলেই হয়তো এই টেস্টে শুরু থেকেই ছিল একটা স্থিরতা, সহনশীলতা। চতুর্থ দিনে এসে ভেঙে গেল ধৈর্যের বাঁধ। ফিরে এল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সেই চেনা ঝাঁজ! স্টার স্পোর্টস।