'কামিন্স উইকেট পায়নি, মোস্তাফিজ তো পেয়েছে'
চট্টগ্রাম টেস্টে দুই দলই খেলছে এক পেসার নিয়ে। ঢাকার মতো চট্টগ্রামেও উইকেট হাত বাড়িয়ে দেবে স্পিনারদের দিকে, এ ভাবনা থেকে হয়তো পেস বোলিং নিয়ে দুই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মিলে গেছে একবিন্দুতে। তবে স্পিনারদের দাপটের মধ্যেও সুইং ও গতিতে বাংলাদেশের বোলারদের যথেষ্ট পরীক্ষাই নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। বিপরীতে মোস্তাফিজুর রহমান কি পারছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের চেপে ধরতে?
প্রখর রোদে কাহিল হয়েও কামিন্স যথেষ্ট ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। ২২ ওভারে যদিও ৪৬ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন, কিন্তু কাল শুরুতেই বাংলাদেশের টপ অর্ডারকে তিনি ঠিকই কাঁপিয়ে দিয়েছিলেন। আজ মোস্তাফিজ যদিও শুরুতেই উইকেট এনে দিয়েছেন বাংলাদেশকে, কিন্তু ম্যাট রেনশের উইকেটটির জন্য যতটা মোস্তাফিজ, তার চেয়ে বেশি কৃতিত্ব পাবেন উইকেটকিপার মুশফিকুর রহিম। পরে মোস্তাফিজ যে ৯ ওভার বোলিং করেছেন, খুব একটা বোঝা যায়নি তাঁর ধার। ইকোনমি ৪.৫০ বলে দিচ্ছে তাঁকে কতটা স্বচ্ছন্দে খেলেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। আজ যে ১৮টা বাউন্ডারি মেরেছে অস্ট্রেলিয়া, তার সাতটিই মোস্তাফিজের ওভারে।
বিরূপ পরিস্থিতিতে কামিন্স যদি অসাধারণ বোলিং করতে পারেন, চেনা পরিবেশে মোস্তাফিজ কেন পারছেন না? আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসির হোসেন যদিও বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘কামিন্স ভালো বোলিং করেছে, কিন্তু সে উইকেট পায়নি। উইকেট মোস্তাফিজই পেয়েছে। এই ফ্লাট উইকেটে ভালো বোলিং করা কঠিন। ব্যাটসম্যানদের জন্য খেলা অনেক সহজ। তেমন বাউন্স নেই, খুব গতিতে বল আসে না। আর মোস্তাফিজ যখন বোলিং করেছে ওদের দুজন ব্যাটসম্যান সেট হয়ে গেছে। নতুন ব্যাটসম্যানদের জন্য হয়তো ওকে খেলা কঠিন হতো।’