'কিংবদন্তি'দের বিরল কীর্তিতে তরুণ বাবরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তিন সেঞ্চুরিতে গ্রেটদের পাশে বাবর আজম। ছবি: এএফপি
টানা তিন সেঞ্চুরিতে গ্রেটদের পাশে বাবর আজম। ছবি: এএফপি

এই কদিন আগেও ক্রিকেট দুনিয়ায় খুব একটা পরিচিত মুখ ছিলেন না বাবর আজম। সেই বাবরই এখন বসে গেছেন পাকিস্তান ক্রিকেটের দুই কিংবদন্তির নামের পাশে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করায় বাবরের নাম উচ্চারিত হচ্ছে জহির আব্বাস ও সাঈদ আনোয়ারদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১২০, ১২৩ ও ১১৭!
কদিন পর ২২ পূর্ণ করার অপেক্ষায় থাকা এই ব্যাটসম্যানের কীর্তি তাঁকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তিন ম্যাচের সিরিজের প্রতিটিতেই সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। এর আগে যে কীর্তি ছিল কুইন্টন ডি ককের। ডি কককে আরেক দিক দিয়ে পেরিয়ে গেছেন তিনি। তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে ডি ককের (৩৪২) চেয়ে তাঁর রান এখন বেশি (৩৬০)।
একটি নির্দিষ্ট প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সেঞ্চুরি করার কৃতিত্ব শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন লঙ্কান ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই তারকা।
ওপরের নামগুলো ছাড়াও টানা তিনটি সেঞ্চুরি আছে আরও চারজনের। হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেলরের। অভিজাত এই তালিকায় কিন্তু বাবর মাত্র অষ্টম ব্যাটসম্যান। ডি কক আর বাবর বাদে বাকি ছয়জনই নিজ নিজ দেশের কিংবদন্তিতুল্য তো বটেই, যার সর্বাগ্রে আছেন জহির আব্বাস। 

সব দেশ মিলিয়েই টানা তিন সেঞ্চুরির কৃতিত্ব দেখান আব্বাস। ১৯৮২-৮৩ মৌসুমে ভারতের বিপক্ষে ৪ ম্যাচের সিরিজে ১১৮, ১০৫ ও ১১৩ করেছিলেন আব্বাস। ১৯৯৩ সালে শারজার পেপসি চ্যাম্পিয়নস ট্রফিতে সাঈদ আনোয়ার করেছিলেন ১৩৫, ১০৬ ও ১০১।
আবারও প্রায় ১০ বছর লেগে যায় এই কীর্তির পুনরাবৃত্তি করতে। সেবার করেছিলেন গিবস। তৃতীয়টি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। গিবস প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সেঞ্চুরির দ্বারপ্রান্তেও ছিলেন। সেবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৭ রানে অপরাজিত থেকে ফিরতে হয়। জেতার জন্য লাগে ৬, সেঞ্চুরির জন্য ৪। গিবসও ছিলেন স্ট্রাইকিং প্রান্তে। কিন্তু বোলার অলক কাপালি প্রথম বলেই ওয়াইড-চার দিয়ে দেন। জয়ের জন্য দরকার দাঁড়ায় মাত্র ১ রান। গিবস পরের বলটা ডিফেন্ড করে তৃতীয় বলে এক রানই নেন। তখন প্রশ্ন উঠেছিল, গিবসের টানা চতুর্থ সেঞ্চুরি ঠেকাতে এই ওয়াইড ইচ্ছাকৃত ছিল কি না। প্রশ্ন উঠেছিল বাংলাদেশের ক্রীড়াসুলভ মানসিকতা নিয়েও।
গিবসের পরের দুই কীর্তি দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের। ২০১০ সালে ডি ভিলিয়ার্স ও ২০১৩ সালে ডি ককের ব্যাটে। ডি ককের কীর্তির কদিন পরেই তা করে দেখান নিউজিল্যান্ডের টেলর। তবে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার সেঞ্চুরির কীর্তি আসে সাঙ্গার ব্যাটে। সেটিই ছিল সাঙ্গার শেষ ওয়ানডে টুর্নামেন্টও!
সম্পর্কে আকমল ভাইদের ‘কাজিন’ বাবর এই কীর্তি করলেন একদম ক্যারিয়ারের শুরুর দিকে। খেলেছেন মাত্র ১৮ ওয়ান। তিন সেঞ্চুরির পাশে আছে ৫ ফিফটিও। যাঁদের পাশে নাম লেখালেন, বাবরের দায় এখন সূর্যোদয়টাকে প্রখর দীপ্তিতে নিয়ে যাওয়া।