'কিছু একটা' চায় জিম্বাবুয়ে
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে লক্ষ্য। টেস্ট সিরিজেও প্রতিটির আগে ছিল ভিন্ন লক্ষ্য। ধবলধোলাই হওয়ার পর ওয়ানডেতে প্রথম লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানো। সিরিজ জিতে টেস্ট সিরিজের আক্ষেপ ঘোচানো। প্রথম দুই ম্যাচের পরও অটুট ছিল সেই লক্ষ্য। তৃতীয় ম্যাচের পর লক্ষ্য বদলাতেই হলো। সিরিজ হার সারা, চাওয়া তখন শেষ দুটি ম্যাচ জয়। চতুর্থ ম্যাচের পর সেটিও বদলাতে হয়েছে। এখন লক্ষ্য, অন্তত কিছু একটা পাওয়া!
এই ‘কিছু একটা’ মানে একটা অন্তত জয়। গত ১৭ অক্টোবর বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে। এরপর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ, তিনটি টেস্ট, এক দিনের প্রস্তুতি ম্যাচ ও চারটি ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ে। কিন্তু জয়ের দেখা মেলেনি এখনো! গত ম্যাচের পর তাই কাতর ছিল এলটন চিগুম্বুরার কণ্ঠ, ‘জয়ের আশা তো ছাড়া যাবে না। অন্তত কিছু একটা চাই আমরা এই সফর থেকে। শেষ ম্যাচটি জিততে পারলে অন্তত সেই সান্ত্বনা পাওয়া যাবে।’
আজ সেই ম্যাচ, জিম্বাবুয়ের ‘কিছু একটা’ পাওয়ার ম্যাচ, সান্ত্বনার উপলক্ষ। কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে একই আকাঙ্ক্ষার কথা জানালেন হ্যামিল্টন মাসাকাদজা। যদিও এই সফরে জিম্বাবুয়ের যা পারফরম্যান্স, যাবতীয় ক্রিকেটীয় অনিশ্চয়তা মাথায় রেখেও জিম্বাবুয়ের জয়কে মনে হচ্ছে অসম্ভবের কাছাকাছি কিছু। তবু গত ম্যাচ থেকে খানিকটা সাহস পাচ্ছেন জিম্বাবুইয়ানরা। চতুর্থ ওয়ানডেতে বল হাতে দারুণ শুরু করেছিল জিম্বাবুয়ে, পরে রান তাড়ায় টেলর-মায়ারের দুর্দান্ত জুটি ভড়কে দিয়েছিল বাংলাদেশকে।
সেই ম্যাচই খানিকটা ভরসা জোগাচ্ছে মাসাকাদজাকে, ‘সব ম্যাচেই আমরা একেবারে উড়ে যাইনি। দুটি ম্যাচ হয়তো একতরফা হয়েছে, বাকি দুটি ম্যাচে ভালোই লড়াই করেছি আমরা। গত ম্যাচে অনেক উন্নতির ছাপ ছিল। শুরুতে ৩০ রানে ওদের ৪ উইকেট ফেলে দিয়েছিলাম, পরে ব্যাটিংয়েও একসময় আমাদের জয় ছিল খুবই সম্ভব। শেষ পর্যন্ত পারিনি। শেষ দিকে চাপে ভেঙে পড়তে হয়েছে। এটাই হচ্ছে বারবার। ব্যাটে ভালো করলে বোলিংয়ে হচ্ছে না, বোলিংয়ে হলে ব্যাটিংয়ে নয়। আশা করি কাল (আজ) সব একসঙ্গে ঠিকঠাক হবে। অন্তত একটি জয় নিয়ে ফিরতে পারব আমরা।’
সত্যিই সেটি করতে পারলে ২০০৬ সালের পুনরাবৃত্তি এড়াতে পারবে জিম্বাবুয়ে। সেবার প্রসপার উতসেয়ার জিম্বাবুয়ে ৫-০-তে হেরেছিল হাবিবুল বাশারের বাংলাদেশের কাছে। মাশরাফির বাংলাদেশকে থামাতে পারবে চিগুম্বুরার জিম্বাবুয়ে?