'কিছু খেলোয়াড়ের টার্গেট ছিলাম, তবে ধর্মান্তরিত হওয়ার চাপ পাইনি'

>হিন্দু হওয়ায় পাকিস্তান জাতীয় দলে কিছু খেলোয়াড়ের টার্গেটে পরিণত হয়েছিলেন দানিশ কানেরিয়া। তবে ধর্মান্তরিত হতে কেউ তাঁকে চাপ দেয়নি বলে জানালেন নিষিদ্ধ এই লেগ স্পিনার
পাকিস্তান জাতীয় দলে থাকতে হিন্দু হওয়ায় ‘কিছু খেলোয়াড়’-এর লক্ষ্যে (টার্গেট) পরিণত হয়েছিলেন তবে ধর্মান্তরিত হওয়ার চাপ আসেনি, জানালেন দানিশ কানেরিয়া। নিষিদ্ধ এ লেগ স্পিনার অমুসলিম হওয়ায় জাতীয় দলে কিছু খেলোয়াড়ের আচরণগত বৈষম্যের শিকার হয়েছেন, কয়েক দিন আগে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এরপর থেকেই হইচই শুরু হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘পিটিভি স্পোর্টস’-এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে বোমাটা ফাটান শোয়েব। কিংবদন্তি পেসার জানান, পাকিস্তানের কিছু ক্রিকেটার কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন। কানেরিয়ার ধর্মবিশ্বাসের কারণে তার সঙ্গে খেতে চাইতেন না কিছু খেলোয়াড়। পরে শোয়েবের দাবির পক্ষে ঘটনাটা স্বীকার করে সমর্থন জানান কানেরিয়া।
এবার তা নিয়ে কানেরিয়া দেশটির সংবাদমাধ্যম ‘সামা’ চ্যানেলকে বলেন, ‘এটা (হিন্দু হওয়ায় বৈষম্যমূলক আচরণ) কখনো ইস্যু হিসেবে নিইনি। এগুলো এড়িয়ে চলতাম কারণ সব সময় ক্রিকেট খেলা এবং পাকিস্তানকে জেতানোই ছিল আমার লক্ষ্য। আমি একজন গর্বিত হিন্দু এবং পাকিস্তানি। পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করবেন না। কারণ আমার ধর্মবিশ্বাস যাই হোক, অনেকেই কিন্তু সমর্থন দিয়েছে, পাশেও ছিল।’
মোহাম্মদ ইউসুফের প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল কানেরিয়াকে। ২০০৫ সালে ইসলাম ধর্ম গ্রহণের আগে খ্রিষ্টান ধর্মাবলম্বী ছিলেন ইউসুফ। এ প্রসঙ্গে নিজের কথাটাও বলে দেন কানেরিয়া, ‘ইউসুফ যা করেছে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমার কখনো মনে হয়নি ধর্ম পাল্টাতে হবে। কারণ আমি এতে বিশ্বাস রেখেছি এবং কেউ আমাকে জোর করেনি।’ খেলোয়াড়ি জীবনে অধিনায়ক ইনজামাম উল হকের সমর্থন পেয়েছেন বলেও জানান ৩৯ বছর বয়সী এ লেগি, ‘ইনজামাম বলতেন আমি ম্যাচ উইনার। তাকে সঠিক প্রমাণে মাঠে সব সময় নিজের সর্বস্ব দিয়েছি। আমি একজন গর্বিত পাকিস্তানি।’
জাতীয় দলে থাকতে যেসব ক্রিকেটারের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন তাদের প্রসঙ্গে কানেরিয়া বলেন, ‘ (তাদের নাম প্রকাশে) এখন সঠিক সময় না। নিজের (ইউটিউব) চ্যানেলে আমি এ নিয়ে কথা বলব।’ ২০০০ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষিক্ত হন কানেরিয়া। ২০০৯ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হন তিনি। পাকিস্তানের টেস্ট ইতিহাসে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। দেশটির জাতীয় দলে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার কানেরিয়া।