'কী হলে কী হতো'ই তো ভাবছেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন হারে কষ্ট পেয়েছেন কোহলি
এমন হারে কষ্ট পেয়েছেন কোহলি

ঘরের মাঠে গত এক বছরে হারতেই ভুলে গিয়েছিল ভারত। অধিনায়ক হিসেবে বিরাট কোহলিরও খুব বেশি হারের স্মৃতি নেই। সে কারণে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট হারে রীতিমতো বজ্রাহত ভারত অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথমেই বললেন, ‘কী হলে কী হতো’ নিয়ে ভেবে লাভ নেই। তবে হারের কারণ বর্ণনায় কোহলি আটকে রইলেন সেই ‘কী হলে কী হতো’র বৃত্তেই। যদিও সোজাসাপ্টাই জানিয়েছেন, হারটা রীতিমতো আঘাত করছে দলকে। 

ব্যাটিং-ব্যর্থতার কারণেই যে এই হার, তা স্বীকার করে নিয়েছেন কোহলি, ‘টেস্টে ২০ উইকেট নিয়ে কোনো লাভ নেই যদি আমরা এমন ব্যাটিং করি। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। তবে আমি মনে করি, আমরা ম্যাচে ছিলাম। শেষের কাজটাই ঠিকমতো করে উঠতে পারলাম না। আমরা সবাই খুব হতাশ। হারটা রীতিমতো আমাদের আঘাত করছে।’
টেস্টের দুই ইনিংসেই ব্যাটিং-ব্যর্থতার খেসারত দিয়েছে ভারত। দুই ইনিংসেই ব্যাটিং লাইন ভেঙে পড়েছে দ্রুত। এ ব্যাপারটি মারাত্মক ভাবাচ্ছে ভারতীয় অধিনায়ককে। ব্যাটিংটা জ্বলে উঠলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত বলেই কোহলির বিশ্বাস, ‘দুই ইনিংসেই ব্যাটিং ধসে পড়েছে। এটা নিয়ে ভাবতে হবে। টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে জুটি গড়তে হবে। দক্ষিণ আফ্রিকা এই কাজটা আমাদের চেয়ে ভালোভাবে করেছে। আমি আর রোহিত যখন খেলছিলাম, তখন ভালো কিছুর সম্ভাবনা তৈরি হচ্ছিল। আমার আউটের পরপরই সবকিছু উল্টে যায়।’

উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই কোহলির। তাঁর মতে, এমন উইকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট ম্যাচের জন্য আদর্শ, ‘উইকেট ছিল দুর্দান্ত। উইকেট নিয়ে কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ নেই। টেস্ট ক্রিকেট এ ধরনের উইকেটের জন্য আরও অনেক বেশি উপভোগ্য হয়ে উঠতে পারে। গোটা একটা দিন বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরও তিন দিনে খেলার ফয়সালা হয়ে গেল। তবে এটা ঠিক, দুই দলই সুযোগ তৈরি করেছিল। দক্ষিণ আফ্রিকা সেই সুযোগটা কাজে লাগিয়েছে।’

এমন হারের পরও সমর্থকদের আশ্বস্ত করতে চান কোহলি। তাঁর আশা পরের টেস্টেই দল ঘুরে দাঁড়াবে, ‘খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এমন উইকেটে খেলা হলে পরের টেস্টেই আমরা অনেক ভালো করব। দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ড থেকে এ বি ডি ভিলিয়ার্সের রান সরিয়ে নেন, তাহলে বুঝবেন আমরা কিন্তু ম্যাচে ভালোভাবেই ছিলাম। দক্ষিণ আফ্রিকাও সমস্যায় ছিল। ম্যাচটা একপেশে হয়নি। জেতার মতো ক্রিকেট খেলার ক্ষমতা আমাদের আছে। এই টেস্টেই আমরা সেটি দেখিয়েছি।’