'কুশল' হয়ে উঠতে চান তামিম

>
- কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশের নিদাহাস ট্রফি
- প্রতিপক্ষ ভারত
- দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৬ টি-টোয়েন্টিতে বিশ্বকাপে
- বেঙ্গালুরুতে যে ম্যাচ বাংলাদেশ হেরেছিল ১ রানে
- মাহমুদউল্লাহরা অবশ্য বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে পড়ে থাকতে চান না।
একেবারে ইয়র্কার নয়, গুড লেংথের যে বলটা খেলতে বেশ কষ্ট হয়, বল থ্রোয়ার সেন্টুকে সেটিই করতে বললেন তামিম ইকবাল। প্রেমাদাসার ম্যাক্স ক্রিকেট একাডেমির নেটে বাঁহাতি ওপেনারের ব্যাটিং নিবিড় চোখে দেখলেন দলের ব্যাটিং পরামর্শক সায়মন হেলমট।
‘ওয়েল ডান তামিম, সেভেন আউট অব টেন, ওয়েল ডান!’—অনুশীলনটা দুর্দান্ত হওয়ায় করতালিতে তামিমকে অভিনন্দন জানালেন হেলমট। প্রেমাদাসা স্টেডিয়ামের ম্যাক্স ক্রিকেট একাডেমির নেটে ব্যাটিং করে তামিমও যেন তৃপ্ত। কদিন আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হয়তো বড় ইনিংস আসেনি তাঁর ব্যাট থেকে, তবে ‘অনুশীলন’টা খারাপ হয়নি, ৫ ম্যাচে ৩৩.৫০ গড়ে করেছেন ১৩৪ রান। তামিম নিজেও জানেন, এর চেয়ে দুর্দান্ত ব্যাটিং তিনি করতে পারেন। সেটি কি এবার দেখা যাবে নিদাহাস ট্রফিতে?
অনুশীলন শেষে ড্রেসিংরুমের নিচে পাওয়া গেল তামিমকে। মুঠোফোনে নিজের পুরোনো একটি ইনিংসের ভিডিও দেখছিলেন। কাল ভারত-শ্রীলঙ্কা ম্যাচটা দেখেছেন?
—দেখেছি
ভারতীয় বোলারদের তুলোধুনা করে পাওয়ার প্লে কাজে লাগিয়ে ম্যাচটা নিজেদের করে নিল শ্রীলঙ্কা, সেটিও নিশ্চয়ই দেখেছেন?
—দেখেছি। কাল চেষ্টা করব পাওয়ার প্লে কাজে লাগাতে। আর যদি না পারি...
যদি না পারেন, তবে? একগাল হাসিতে বাঁহাতি ওপেনারের রসিকতা, ‘আপনি নেমে পড়বেন!’
তামিমকে বলা হলো না, ওটা তো আপনারই কাজ, আপনি সেটা ভালো পারেন বলেই তো বাহবা পান।
ম্যাচের আগে ঠাট্টা-রসিকতায় বাংলাদেশ দল একটু নির্ভারই থাকতে চাচ্ছে। প্রতিপক্ষ যে ভারত। এখন আবার বাংলাদেশ-ভারত লড়াই মানে চারদিকে এন্তার আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের সমর্থকদের তুমুল হইচই। ওহ, শ্রীলঙ্কায় তো এখন জরুরি অবস্থা চলছে । কলম্বো শহর যদিও শান্ত, দাঙ্গার কোনো প্রভাব নেই দেশটির রাজধানীতে। তবুও শ্রীলঙ্কান সরকার সতর্কতাবশত নিষ্ক্রিয় করে রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুকে ঢোকা যাচ্ছে না, মেসেঞ্জারে বার্তা পাঠানো যাচ্ছে না। দিনের একটা সময় তো ইন্টারনেটই কাজ করছিল না। ক্যান্ডিতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সহিংসতা তাতে বাড়ছে। শ্রীলঙ্কান সরকার তাই সাময়িক বন্ধ রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এতে একটা উপকার হয়েছে বাংলাদেশ দলের । বাংলাদেশ-ভারত লড়াই নিয়ে ফেসবুকে যদি কোনো উত্তেজনা থেকে থাকে, সেটি স্পর্শ করছে না ক্রিকেটারদের।
ভারতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই বছর আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুর সেই ম্যাচ তো রীতিমতো একটা দুঃস্বপ্ন। ১ রানে হেরে যাওয়া সেই ম্যাচ আজও পীড়িত করে সবাইকে। দুই দেশের নতুন আরও একটা টি-টোয়েন্টি ম্যাচের আগে তাই অবধারিতভাবেই এসে পড়ল বেঙ্গালুরুর সেই ম্যাচের প্রসঙ্গ।
মাহমুদউল্লাহ সেই ম্যাচ নিয়ে পড়ে থাকতে চান না বললেও ওই প্রসঙ্গে কথা বলার সময় মুখটা কালো হয়ে গেল তাঁর। চোয়াল শক্ত করেই বললেন, ‘বেঙ্গালুরুর ম্যাচ ওখানেই শেষ। ক্রিকেটে দুর্ঘটনা হবে, এটা নিয়ে বসে থাকলে হবে না। আপনি যদি ওখান থেকে শিখতে পারেন, সেটা আপনার কাজে দেবে।’
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে! যে ম্যাচটির কথা মনে পড়লে মাহমুদউল্লাহর রক্তক্ষরণ হয়, সেটা বোঝাই যায়। এবার নাহয় বেদনার জায়গায় সুখের গল্পই লিখুন তিনি।