'কুৎসিত' কথার লড়াইয়ে ওয়াসিম-ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যম থেকে এবার সামাজিক মাধ্যমে দুজনের কথার লড়াই। ফাইল ছবি
সংবাদমাধ্যম থেকে এবার সামাজিক মাধ্যমে দুজনের কথার লড়াই। ফাইল ছবি

ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের সুসম্পর্ক কখনোই ছিল না। দুজন জুটি বেঁধে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরালে কী হবে, দ্রুতই দুজনের সম্পর্কে ঈর্ষার ভাইরাস ঢুকে গিয়েছিল। দুজন দুজনের অধিনায়কত্বও উপভোগ করেননি সেভাবে। এবার তো পুরোনো রেষারেষি নতুন করে জেগে উঠল আকরামের এক মন্তব্যে। 

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অনিল কুম্বলে টেস্ট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে তুলে নিয়েছিলেন ইনিংসে ১০ উইকেট। দিল্লির সেই টেস্টে পাকিস্তানের শেষ উইকেট জুটিতে ব্যাট করছিলেন আকরাম ও ওয়াকার। এই কীর্তির বর্ষপূর্তিতে ওয়াসিম দাবি করেছেন, কুম্বলে ৯ উইকেট পেয়ে যাওয়ার পর ওয়াকার নাকি তাঁকে ইচ্ছা করে রান আউট হওয়ার কথা বলেছিলেন। যাতে কুম্বলে ১০ উইকেট থেকে বঞ্চিত হন। ওয়াসিম তখন ওয়াকারকে বোঝান, কারও ভাগ্যে কিছু লেখা থাকলে তা থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করা ঠিক নয়।
ওয়াকার এর জবাবে বলেছেন, আকরামের মিথ্যা কথা বলা পুরোনো অভ্যাস। এমন কোনো প্রস্তাব নাকি তিনি দেননি। এবার দুজনের কথার লড়াইটা সংবাদমাধ্যম থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ভারতীয় দৈনিক ডিএনএকে আকরাম যা বলেছেন, সেটির স্ক্রিনশট পোস্ট করে ওয়াকার টুইট করেছেন, ‘এমনটা কখনোই ঘটেনি। আমার অনুমান, বয়স পেয়ে বসেছে ওয়াসিম ভাইকে।’ তাতে আকরামকে মেনশন করার পাশাপাশি ‘সত্যি নয়’ হ্যাশট্যাগও দিয়েছেন।
এর জবাবে আকরাম আবার টুইট করেছেন, ‘হিসাব করে কথা বলো বন্ধু। বয়স নিয়েই যদি হিসাব করো, সেখানে তুমি আমার কাছে পাত্তা পাবে না।’ আকরাম হয়তো বলতে চেয়েছেন, গুরুজনদের শ্রদ্ধা দেখাও!