'কে ভেবেছিল রাঁচির কেউ হবে ভারত অধিনায়ক!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল কুম্বলের সঙ্গে ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক ধোনি আর কোহলি। ছবি: বিসিসিআই
অনিল কুম্বলের সঙ্গে ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক ধোনি আর কোহলি। ছবি: বিসিসিআই

কঠিন পরিস্থিতিতেও কীভাবে জয় বের করে নিতে হয় মহেন্দ্র সিং ধোনি তা জানতেন। হেরে গেলে মানতে পারতেন, সামলাতে পারতেন সমালোচনার তীক্ষ্ণ তির। ভারতের অন্যতম সেরা এই অধিনায়কের ছায়াতেই বেড়ে উঠেছেন বিরাট কোহলি। ধোনি সরে দাঁড়ানোর পর তিন ফরম্যাটেই ভারতের নেতৃত্ব এখন তাঁর কাঁধে। শুরু থেকেই যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে ধোনির যোগ্য উত্তরসূরিই ভাবা হচ্ছে কোহলিকে। কোচ অনিল কুম্বলে প্রশংসায় ভাসিয়েছেন দুজনকেই।

বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ...১০ বছরের অধিনায়ক জীবনে ক্রিকেটের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ধোনি। টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে উঠেছিল তাঁর সময়েই। টেস্টে ৬০০-র বেশি উইকেট পাওয়া কিংবদন্তি লেগ-স্পিনার কুম্বলে ধোনির নেতৃত্ব গুনে এক কথায় মুগ্ধ, ‘কে ভেবেছিল রাঁচি থেকে এসে কেউ ভারতকে নেতৃত্ব দেবে! দলকে ও যেভাবে ১০ বছর নেতৃত্ব দিয়েছে তা সত্যি খুব কঠিন। ১০ বছর ভারতের অধিনায়কত্ব করা অসাধারণ। ওকে স্যালুট।’
ধোনির হার না মানা মানসিকতারও প্রশংসা করেছেন কুম্বলে, ‘জয়ের জন্য এক বলে যখন ছয় রান দরকার, সেই সময় ধোনি কী ভাবছে তা বোঝা মুশকিল। এক ওভারে প্রতিপক্ষের যখন জয়ের জন্য ২ রান লাগবে, ধোনি হার মানত না। দুটি বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস ট্রফি জয় এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠা সত্যিই অসাধারণ। এর বেশি আর কী চাওয়া যায়!’
বাংলাদেশের বিপক্ষে এক টেস্টের সিরিজসহ অধিনায়ক হিসেবে কোহলি টানা ছয়টি টেস্ট সিরিজ জিতেছেন কোহলি। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের মোহিত করে যাচ্ছেন তাঁর ব্যাটের মূর্ছনায়। কুম্বলেও মুগ্ধ। এক শব্দে কোহলিকে বোঝানো মুশকিল বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক, ‘বিরাট কোহলি, অসাধারণ। আমি মনে করি, ওকে এক শব্দে বর্ণনা করা কঠিন।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস