'কেন নয়'-এর ঝুঁকি নেবেন না ইউনিস

বয়সটা মধ্য ত্রিশ ছুঁতে না ছুঁতেই ক্রিকেটারদের ঘিরে প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে—অবসর কবে নিচ্ছেন? ক্রিকেটের আপ্তবাক্যগুলোর একটি বলে, তখনই খেলোয়াড়দের অবসর নেওয়া উচিত, যখন প্রশ্নটা থাকে, ‘এখনই কেন অবসর?’ দলের বোঝা হয়ে ‘এখনই কেন নয়’ প্রশ্নটা ওঠার আগেই চলে যাওয়াই ভালো। পাকিস্তান দলের হয়ে খেলেন বলেই ইউনিস খান আরও বেশি করে ঝুঁকি নিতে অনাগ্রহী। আর তাই আসন্ন ইংল্যান্ড সিরিজ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিতে চান তিনি।
রঙিন পোশাকে সর্বশেষ মাঠে নেমেছিলেন সেই আট মাস আগে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের সেই ম্যাচের পর ওয়ানডে দলে আর ডাকই পাচ্ছিলেন না। এ নিয়ে নিজের হতাশার কথা বললেও পুরো মনোযোগ দিয়েছিলেন টেস্ট ক্রিকেটে। বড় দৈর্ঘ্যে রানের ফুলঝুড়ি তাঁর ব্যাটে। প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে দশ হাজার পূর্ণ করার লক্ষ্য নিয়েই খেলে যাচ্ছেন এই ৩৭ বছর বয়সে। কিন্তু সাম্প্রতিক ফর্মের কারণে আবারও ওয়ানডে দলে ডাক পেলেন।
কিন্তু ইউনিসের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, আগামীকাল শুরু চার ম্যাচের সিরিজে খেলেই রঙিন পোশাককে বিদায় জানিয়ে দেবেন। আগামী বিশ্বকাপকে লক্ষ্য করে এখনই তরুণদের ওপর বিনিয়োগ করতে চায় পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপে নিজেকে দেখেন না বলে ইউনিসও একটা জায়গা দখল করে রাখার পক্ষে নন। তা ছাড়া এই সিরিজে তাঁর ডাক পাওয়াটা পাকিস্তানের ক্রিকেট মহলের একটা অংশও ভালোভাবে নেয়নি।
টেস্টে ফর্ম যতই দুর্দান্ত হোক না কেন, ইউনিসের ওয়ানডে দলে ফেরা বিস্ময়েরই। গত আড়াই বছরে খেলেছেনই মাত্র ১১টি ওয়ানডেতে। এই সময়ে কেবল ১টি সেঞ্চুরি পেয়েছেন, কোনো ফিফটিও নেই। গত ছয় বছরেই ওয়ানডেতে এটি তাঁর একমাত্র সেঞ্চুরি। ২০১৫ সালে ৫টি ওয়ানডে খেলে করেছেন মাত্র ৬৩ রান। শেষের দেখা এমনিতেই পাচ্ছিলেন ইউনিস। ‘কেন নয়?’ প্রশ্নটা শোনার আগেই তাই বিদায় বলে নেওয়াই ভালো।