'কোহলি আমার চেয়েও বেশি আগ্রাসী'

১৪ বছর আগে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে সৌরভ গাঙ্গুলীর সেই উদ্দাম উল্লাস ক্রিকেট ইতিহাসে হয়ে আছে আগ্রাসনের প্রতীকই। অনেকেই বলেন, ভারতীয় ক্রিকেট দলের ‘প্রতিপক্ষকে এক বিন্দু জায়গা না ছাড়া’র যে মানসিকতা, এটির আমদানি এই বাঙালি অধিনায়কের সময়ই। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কদের একজন সৌরভ অবশ্য মনে করেন আগ্রাসনে বিরাট কোহলি তাঁকে পেছনেই ফেলেছেন।
কলকাতার একটি পত্রিকার সঙ্গে আলাপচারিতায় সৌরভ বলেছেন, আমি আর কী এমন আগ্রাসী ছিলাম। কোহলির আগ্রাসন আমার দুই গুণ বেশি।’
কোহলি টেস্ট অধিনায়ক হিসেবেও নিজেকে সাফল্যের পথে হাঁটছেন। মুম্বাই টেস্ট জিতে টানা পাঁচ টেস্ট জয়ের রেকর্ডটা তাঁকে সফল অধিনায়কত্বের পথে এগিয়ে দিয়েছে অনেকটাই। ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্ট সিরিজে একটি টেস্ট বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে কোহলিকে এনে দিয়েছেন টানা পাঁচটি সিরিজ জয়ের কৃতিত্ব।
সৌরভ এই মুহূর্তে প্রশাসক হিসেবে ক্রিকেট উন্নয়নে কাজ করছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে পশ্চিম বাংলার ক্রিকেটের ভিত মজবুত করাই লক্ষ্য তাঁর। তিনি এখন তাঁর নিজ জন্মস্থানের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
সৌরভ জানিয়েছেন, এই লক্ষ্যে গোটা পশ্চিম বাংলার বিভিন্ন স্কুলে শতাধিক কোচ নিয়োগ দেবে সিএবি। প্রতিভাবান অথচ দরিদ্র ক্রিকেটারদের জন্য থাকছে সিএবির বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা। সূত্র: এনডিটিভি।