'কোহলি আত্মবিশ্বাস দেন, স্বাধীনতা দেন ধোনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় দলের অন্যতম সেরা পারফরমার ও থিংক ট্যাংক ধোনি ও কোহলি। ফাইল ছবি
ভারতীয় দলের অন্যতম সেরা পারফরমার ও থিংক ট্যাংক ধোনি ও কোহলি। ফাইল ছবি

বাংলাদেশ দলের নেতৃত্ব মাশরাফি বিন মুর্তজার হাতে। কিন্তু মাঠে দলের দায়িত্বভার ভাগাভাগি করে নেন সিনিয়র পাঁচজন। ভারত দলেও নেতৃত্বভারটা এভাবে ভাগাভাগি করে নেওয়া হয়। অধিনায়ক হিসেবে বিরাট কোহলিই থাকেন। পাশ থেকে মহেন্দ্র সিং ধোনিও কিন্তু গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে সমান অবদান রাখেন। 

অনেকের মতে, লেগ স্পিনারদের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ হতে যাচ্ছে ইংল্যান্ডে। ব্যাটিংবান্ধব উইকেটে প্রতিপক্ষের রান–বন্যা থামাতে লেগিদের ওপর ভরসা রাখছে সব দল। বাংলাদেশ ছাড়া সব দলই বিশ্বকাপে যাচ্ছে লেগ স্পিনার নিয়ে। ভারত আবার যাচ্ছে দুই স্পিনার নিয়ে। যুজবেন্দ্র চাহালের সঙ্গে কুলদীপ যাদবের জুটিটা প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডেই প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে যাচ্ছেন কুলদীপ যাদব। ২০১৭ সালে অভিষেকের পর থেকে অধিনায়ক বিরাট কোহলির চরম আস্থার জায়গা চায়নাম্যান খ্যাত এই বোলার। ৪৪ ম্যাচে যাদবের ঝুলিতে আছে ৮৭ উইকেট। যুজবেন্দ্র চাহালের সঙ্গে বোলিং পার্টনারশিপটাও ভালোই জমে উঠেছে তাঁর। ইংল্যান্ডে প্রতিপক্ষকে আটকাতে ভারতের মূল ভরসা এই লেগ স্পিনার জুটি। গত বছর ইংল্যান্ড সফরে ৩ ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন যাদব। আরও একবার ইংল্যান্ড যাত্রা, কোহলিও নিশ্চয় তাকিয়ে থাকবেন তাঁর দিকে।

ক্রিকেট বিশ্বকাপে তাঁকে পেছন থেকে জ্বালানি জোগানোর মতো সাবেক অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি তো আছেনই দলে। দলে ধোনির ভূমিকা কেমন? এমন প্রশ্নের জবাব দিয়েছেন যাদব, ‘যখন কোনো বিষয়ে সন্দেহে থাকি, মাহি ভাইয়ের (ধোনি) কাছে যাই। সব সমস্যার সমাধান থাকে তাঁর কাছে। সবাই তাঁর দিকে তাকিয়ে থাকে।’ শুধু সাবেক অধিনায়ককেই প্রশংসায় ভাসাননি যাদব, বর্তমান অধিনায়ক কোহলির জন্যও বরাদ্দ আছে তাঁর প্রশংসা, ‘কোহলি ও ধোনি ভারতীয় দলের মেরুদণ্ড। ধোনি আমাদের স্বাধীনতা দেন এবং কোহলি আমাদের আত্মবিশ্বাস দিয়ে উজ্জীবিত রাখেন।’

উইকেটরক্ষক হিসেবে পেছনে থাকায় স্বাভাবিকভাবে ব্যাটসম্যানদের নজরে রাখতে পারেন ধোনি। সে ক্ষেত্রে ব্যাটসম্যানদের বোকা বানানোর জন্য বোলারদের বড় একটা উপদেশ আসে ধোনির কাছ থেকেই, ‘মাহি ভাই একজন ব্যাটসম্যানের শরীরী ভাষা খুবই দ্রুত পড়তে পারেন এবং কোথায় বল করতে হবে, আমাদের দিকনির্দেশনা দেন। এতে আমাদের উপকার হয়। আমি বল করার সময় মাঝেমধ্যে ফিল্ডিং সাজাতে হিমশিম খাই। মাহি ভাই বুঝতে পারেন তাঁর সাহায্য দরকার আমার। সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে আসেন। এটা শুধু আমার ক্ষেত্রেই না, সব বোলারের ক্ষেত্রেই তিনি এভাবে সহায়তা করেন।’