'কোহলি-কুম্বলেকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে'

ভারতের কোচ নিয়ে নাটক চলছেই। একে তো অনিল কুম্বলের চুক্তির মেয়াদ না বাড়িয়ে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তার ওপর খবর বেরিয়েছে অধিনায়ক বিরাট কোহলি ও কুম্বলের চাপান-উতোরটা নাকি অনেক দিনেরই! এ নিয়ে এখন সরগরম ভারতীয় মিডিয়া। ব্যাপারটায় দারুণ বিরক্ত সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে কোহলি-কুম্বলের দ্বন্দ্ব বাড়িয়ে দেখানো হচ্ছে গণমাধ্যমে।
গতকাল গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, কুম্বলের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে কোহলির সঙ্গে দেখা করতে গেছেন সৌরভ। কিন্তু তথ্যটি যে ভুল ছিল সেটি ‘দাদা’ই বলে দিলেন, ‘সকাল আটটা থেকে আমি মাঠে আছি। আমি খেলোয়াড় কিংবা বিরাটের সঙ্গে কথা বলিনি। বলার ইচ্ছাও নেই।’
সৌরভের মতে পুরো ব্যাপারটিকে জটিল করছে সংবাদমাধ্যমই, ‘মাঝে মাঝে ছোট জিনিসকে অযথা বড় করে দেখানো হয়। আপনাদের (সাংবাদিক) দুজন যদি খেলোয়াড়দের নিয়ে কথা বলা শুরু করেন, তবে দুজনের ভিন্নমত থাকবেই। এর মানে আপনাদের সম্পর্ক খারাপ, সেটা ভাবা তো ভুল।’
তবে কোহলি আর কুম্বলের মধ্যে সত্যি যদি কোনো ‘সমস্যা’ থাকে সেটা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে বলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফির মতো একটি প্রতিযোগিতার মাঝখানে এমন ঘটনা দলের জন্য সুফল বয়ে আনবে না বলেই মত সৌরভের,
আর কোচ-অধিনায়কের মধ্যে আসলেই কোনো ঝামেলা থাকলে সেটা সামলে নিতে বলছেন সাবেক অধিনায়ক। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির মতো একটা টুর্নামেন্টের মাঝপথে এমন ঘটনা দলের জন্য কোনো সুফল বয়ে আনবে না, ‘আমি তাদের বলব ব্যাপারটি সামলে নিতে। তোমার নামের একটা দাম আছে, তুমি ভারতের অধিনায়ক, তুমি ভারতের কোচ, তোমাকে এটা সামালতে হবে। শুধু মাথা ঠান্ডা রাখ এবং ম্যাচ খেল। আর কোচের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা আমি জানি না। আমাদের অপেক্ষা করতে হবে। এখন সবাই এ নিয়ে শুধু কথা বলতে পারি। কিন্তু আমরা দুজন অসাধারণ ক্রিকেটারের ব্যাপারে কথা বলছি। বিরাট কোহলি এবং অনিল কুম্বলে— দুজনই দায়িত্ববান ক্রিকেটার; তারা জানে তারা কী করছে।’ সূত্র: এনডিটিভি।