'কোহলি জানে না ওর অফস্টাম্প কোথায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিকে ধুয়ে দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক দীলিপ ভেংসরকার
কোহলিকে ধুয়ে দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক দীলিপ ভেংসরকার

ওল্ড ট্র্যাফোর্ডে অসহায় আত্মসমর্পণ কিছুতেই মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় গ্রেটরা। ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যান দীলিপ ভেংসরকার সোজাসুজিই জানিয়েছেন, এটি বিদেশের মাটিতে ভারতের অন্যতম লজ্জাকর পারফরম্যান্স। ব্যাটসম্যানদের সমালোচনা করে ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের অভিমত, ইংলিশ কন্ডিশনে খেলার ন্যূনতম প্রস্তুতিই ভারতীয় ক্রিকেটারদের ছিল না।

ভেংসরকার তাঁর সমালোচনার তিরে বিদ্ধ করেছেন হালে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় সেলিব্রেটি বিরাট কোহলিকে। কোনো রাখঢাক না রেখেই কোহলি সম্পর্কে ভেংসরকারের মন্তব্য, ‘নিজের অফস্টাম্প কোথায়, এ সম্পর্কেই কোনো ধারণা নেই কোহলির। ইংলিশ কন্ডিশনে নিজের অফস্টাম্প সম্পর্কে পরিষ্কার ধারণাই ওখানে সাফল্য নিশ্চিত করে।’

কোহলিরও ইংলিশ কন্ডিশন নিয়ে কোনো প্রস্তুতি ছিল না বলে অভিমত দিয়েছেন ভেংসরকার। পাশাপাশি মুরলি বিজয় ও অজিঙ্ক রাহানের প্রশংসাও ঝরেছে তাঁর কণ্ঠে, ‘মুরলি ও রাহানে সফল হয়েছে। কারণ ওরা স্ট্রোক খেলার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে। আপনারা যদি সুনীল গাভাস্কার কিংবা গুন্ডাপ্পা বিশ্বনাথের খেলা বিশ্লেষণ করেন, তবে দেখবেন ইংলিশ কন্ডিশনে তাঁদের সাফল্যের মূল অনুষঙ্গ দেরিতে স্ট্রোক খেলা। অপেক্ষা করে বলের গুণাগুণ বিচার করে ব্যাটিং করা।’

মঈন আলীর কাছে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ সম্পর্কে ভেংসরকারের মন্তব্য, ‘এরা তো মঈন আলীকে এরাপল্লি প্রসন্ন বেদী কিংবা জিম লেকার বানিয়ে দিয়েছে। একজন পার্টটাইম বোলারের হাতে এভাবে ভারতীয় ব্যাটসম্যানদের নাকাল হওয়ার ব্যাপারটি কিছুতেই মেনে নেওয়া যায় না।’

কেবল অধ্যবসায় আর মনোযোগই পারে ভারতীয় দলকে সিরিজে ফেরাতে—এমন মন্তব্য ভেংসরকারের। তাঁর মতে, ‘ভিডিও দেখে নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে এখনই। ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কথা উল্লেখ করে তাঁর অভিমত, ‘প্রত্যেকেই জানে তাদের দায়িত্বটা কী। ব্যাটসম্যানদের দায়িত্ব স্কোরবোর্ডে রান তোলা। কোন পরিস্থিতিতে কী ধরনের ব্যাটিং লাগবে, সেটাও ব্যাটসম্যানদের জানা। এমন অবস্থায় এই ব্যর্থতা সত্যিই মেনে নেওয়া কঠিন।’ সূত্র: এবেলা, কলকাতা।