'কোহলিকে কেনার সামর্থ্য তোমাদের নেই'

• ভারতীয়রা টুইটারে কটাক্ষ করে বলছে, কোহলিকে কেনার সামর্থ্য পিএসএলের নেই।
• তৃতীয় পিএসএল ভুগছে দর্শক খরায়।
• ভারতীয় ক্রিকেটারদের অন্য টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয় না বিসিসিআই।
সারা দুনিয়াতেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিরাট কোহলির ভক্তরা। পাকিস্তানেও এই সংখ্যাটা কম নয়। ব্যাটিং কীর্তিতেই পাকিস্তানিদের মন জয় করেছেন ভারত অধিনায়ক। কোহলির অনেক পাকিস্তানি-ভক্তই মনেপ্রাণে চান তাঁদের টি-টোয়েন্টি লিগ পিএসএলে অন্তত একবার হলেও কোহলি খেলুন। শারজায় ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্লাডিয়েটরসের মধ্যকার ম্যাচে এক ক্রিকেটপ্রেমী তো প্ল্যাকার্ড হাতে রীতিমতো দাবিই জানালেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা পিএসএলে কোহলিকে চাই।’
কোহলিকে ভালোবেসেই এ দাবি করেছিলেন সেই ভক্ত। কিন্তু ভারতীয়রা যে এটিকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, সেটা কি তিনি ভেবেছিলেন? টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়া প্ল্যাকার্ড হাতে সেই ভক্তের ছবি নিয়ে নির্মম রসিকতাতেই মেতেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা কিছুদিন আগেই পিএসএলকে আইপিএলের পরপরই সেরা টি-টোয়েন্টি লিগ বলেছিলেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এবারের পিএসএল এখনো পর্যন্ত দর্শক টানতে ব্যর্থই হয়েছে। প্রতিটি ম্যাচেই দুবাই ও শারজার সুপরিসর স্টেডিয়ামের গ্যালারি খালি পড়ে আছে। কোহলির পিএসএলে খেলার দাবি প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা টেনে এনেছেন এই ব্যাপারটিকেই, ‘কোহলির যে দাম, সেটা দেওয়ার সামর্থ্য পিএসএলের নেই।’ নামান গুপ্তা নামে একজন লিখেছেন, ‘ভাই, কোহলি অনেক দামি!’

পিএসএলের তৃতীয় মৌসুম চলছে। এই টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের বিভিন্ন করপোরেট হাউস বিনিয়োগ করেছে। বিদেশি ক্রিকেটারদের মানও যথেষ্ট ভালোই। কিন্তু আইপিএল গত দশটি আসরে নিজেদের এমন এক উচ্চতায় তুলে নিয়ে গেছে। আইপিএলের বড় মুখ কোহলিকে পিএসএলে টানতে স্বাভাবিকভাবেই অনেক বেশি অর্থ খরচের প্রয়োজন হবে।
পিএসএলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এটি গত তিন মৌসুম ধরেই অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে। নিরাপত্তা ইস্যুতে যেহেতু পাকিস্তানে কেউ খেলতে চান না, তাই আমিরাতে বাধ্য হয়েই এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে এটি আয়োজিত হলে দর্শকস্বল্পতার বিষয়টি নিয়ে হয়তো দুশ্চিন্তা করতেই হতো না পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
কোহলির আইপিএলের বাইরে যেকোনো টি-টোয়েন্টি লিগে খেলার বিষয় অনেকটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর। এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের আইপিএলের বাইরে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার ছাড়পত্র দিতে রাজি নয় তারা।