'কোহলির ভুলই করেছেন সরফরাজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে কি ভুলই করলেন সরফরাজ? ছবি: রয়টার্স
ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে কি ভুলই করলেন সরফরাজ? ছবি: রয়টার্স
>সাবেক পাকিস্তানি তারকা শোয়েব আখতার বলছেন, টসে জিতে বোলিং নিয়ে ভুল করেছেন সরফরাজ।

রান তাড়া করে জেতায় ওস্তাদ বিরাট কোহলির ভারত। সে কারণেই কি না, টসে জিতেও ম্যানচেস্টারের ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সরফরাজ আহমেদ। তবে পাকিস্তান অধিনায়কের এমন সিদ্ধান্তে নাখোশ শোয়েব আখতার। বলেছেন, ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মস্ত ভুল করেছেন সরফরাজ।

সরফরাজের ভুল বোঝাতে গিয়ে শোয়েব টেনে এনেছেন দুই বছর আগে বিরাট কোহলির নেওয়া একটি সিদ্ধান্তকে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কোহলি। রান তাড়ায় নিজেদের সাফল্যকে মাথায় রেখে ব্যাটিং উইকেটেও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। ম্যাচে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরেছিল ভারত।

শোয়েব বলেছেন, আজ কোহলির সেই ভুলেরই পুনরাবৃত্তি করেছেন সরফরাজ। এক টুইট বার্তায় ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলেছেন, ‘২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি যে ভুল করেছিল, সরফরাজ ঠিক একই ভুল করেছে। টসে জিতেও আগে বোলিং নিয়েছে।’

শোয়েবের টুইটের যথার্থতা প্রমাণ করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ওয়ানডে ক্যারিয়ারে নিজের ২৪তম সেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মা। মাত্র ১১৩ বলে ১৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ভারতীয় ওপেনার। শেষ পর্যন্ত থাকতে পারলে ওয়ানডেতে নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন। লোকেশ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারাও কাঁদিয়ে ছেড়েছেন পাকিস্তানি বোলারদের।

শোয়েবকে ভুল প্রমাণ করার দায়িত্বটা এখন পাকিস্তানি ব্যাটসম্যানদের। বিশাল এই লক্ষ্য তাড়া করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে শোচনীয় রেকর্ড পাল্টাতে পারবে পাকিস্তান?