'ক্যারিয়ার' শেষ মঈন খানের!

মাঠের ক্যারিয়ার তো শেষ হয়েছে অনেক আগেই। তবে মাঠের বাইরে পাকিস্তান জাতীয় দলের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিলেন তিনি। দায়িত্ব পালন করছেন দলের প্রধান নির্বাচক হিসেবে। কিন্তু ক্যাসিনো-বিতর্কে জড়ানোয় বিশ্বকাপের মাঝপথেই পাকিস্তানে ফিরিয়ে নেয়া হয়েছে তাঁকে। এবার খোয়াতে হচ্ছে প্রধান নির্বাচকের দায়িত্বটাও।
বিশ্বকাপ শেষ হওয়া মাত্রই পাকিস্তানের প্রধান নির্বাচক পদ থেকে মঈন খানকে অব্যাহতি দেওয়া হবে বলে জানা গেছে। করাচি থেকে পিসিবির এক বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, নিউজিল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনার পর সম্প্রতি পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে দেখা করেন তিনি। বোর্ড চেয়ারম্যান তখনই মঈন খানকে সাফ জানিয়ে দেন যে দলে আর তাঁর প্রয়োজন নেই। এমনকি ভারত সফরে যাওয়ার আগে শাহরিয়ার বোর্ডের অন্যান্য কর্মকর্তাকে নির্দেশ দিয়ে যান প্রধান নির্বাচক হিসেবে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করতে। সূত্র জানিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা যতদূরই হোক মঈন খানের সঙ্গে বোর্ডের চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের রাতে ক্যাসিনোতে গিয়েছিলেন মঈন। এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শেষ অবধি দেশে ফেরত আসতে হয় তাঁকে। যদিও মঈনের দাবি, জুয়া খেলতে নয়, বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেতেই ওখানে গিয়েছিলেন তিনি। বোর্ডও তাঁর ব্যাখ্যা মেনে নিয়েছিল বলেই জানিয়েছিল সংশ্লিষ্ট সূত্রগুলো। কিন্তু তা হলে কেন ছাঁটাই করা হচ্ছে মঈনকে? অনেকেই আশঙ্কা করছেন, ঘটনা যা চাউর হয়েছে, আসলটা হয়তো তেমনটি নয়। এর পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো রহস্য।
মজার ব্যাপার হলো, বিশ্বকাপে বাজে শুরুর পর আবারও ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান দল। আর এটা হয়েছে মঈন খানকে ফিরিয়ে নেওয়ার পরপরই। প্রথম দুটো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক পরাজয়ের পর তারা আবার টানা তিনটি ম্যাচে হারিয়েছে জিম্বাবুয়ে, আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকাকে। হতে পারে ব্যপারটা নেহাতই কাকতাল! তবে কী মঈন কোনো সমস্যা ছিলেন পাকিস্তান দলের জন্য? সূত্র: এনডিটিভি।