'ক্রিকেটে এনজয় আসে না'

>বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম ১০০ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন তাইজুল। টেস্ট ক্রিকেটে ৫ বছর কাটিয়ে দেওয়া এ বাঁহাতি স্পিনার তাঁর অগ্রযাত্রা কেমন উপভোগ করছেন?
মুশফিকুর রহিম স্টাম্পের পেছন থেকে বেশ কয়বার তাইজুল ইসলামকে ‘রাঙ্গাইয়া’ বলে ডাকলেন! এই রাঙ্গাইয়ার অর্থ কী, সংবাদ সম্মেলনে আসার পথে বাঁহাতি স্পিনার নিজেও ব্যাখ্যা করতে পারলেন না। তবে ‘রাঙ্গাইয়া’ নামটা সাধারণত শ্রীলঙ্কান ক্রিকেটাররা রঙ্গনা হেরাথকে ডেকে থাকেন।
হেরাথের মতো বাঁহাতি স্পিনার বলেই কি মুশফিক মজা করে রাঙ্গাইয়া বলে ডেকেছেন তাইজুলকে? বাংলাদেশ দলের উইকেটকিপার অবশ্য বোলারকে নানা কিছু বলেই উৎসাহিত করে থাকেন। আজ যেমন সাকিব আল হাসানকে বললেন ‘বাংলাদেশের জান, সবাই তাকিয়ে আছে তোমার দিকে।’
সাকিবের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকলেও দিনের সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুলই। তাঁর সমান ২ উইকেট পেয়েছেন নাঈম হাসানও। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে তাইজুলই এগিয়ে। আরও একটি জায়গায় এগিয়ে গেলেন বাঁহাতি স্পিনার। সাকিবকে পেছনে ফেলে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড তাঁর অধিকারে। সাকিবের লেগেছিল ২৮ টেস্ট, তাইজুলের সেটি হয়েছে ২৫ টেস্টে। এ অর্জনে স্বাভাবিকভাবে ভালো লাগা কাজ করছে ২৭ বছর বয়সী বাঁহাতি স্পিনারের, ‘টেস্ট ক্রিকেটকে আসলে অনেক সম্মান দেওয়া হয়। ১০০ উইকেট প্রাপ্তি অনেক ভালো লাগার বিষয়। ব্যক্তিগতভাবে খুশি হয়েছি, সবাই খুশি হবে। বেশ ভালো লাগছে।’
১০০ উইকেট পেতে পাঁচ বছর লেগেছে তাইজুলের। টেস্ট ক্রিকেটে যে পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন, নিশ্চয়ই তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন! তাইজুল খানিকটা অবাক করে দিয়েই বললেন উল্টোটা, ‘ক্রিকেটে ভাই এনজয় আসে না! সব সময়ই চাপ থাকে। আপনি যদি ৫ উইকেট পেয়ে বল করতে যান তারপরও চাপ থাকে। এর মাঝে ভালো করলে হয়তো এনজয় আসে।’
তাইজুলের কাছে প্রতিটি ম্যাচই যেন গণিতের মতো কঠিন পরীক্ষা। কঠিন পরীক্ষা কি কখনো উপভোগ্য হয় শিক্ষার্থীদের কাছে?