'ক্রিকেট-কর্তারা লোভী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়াড ক্রিকেটের ফাইনালের একটি দৃশ্য। ওসিএ-প্রধান মনে করেন ক্রিকেট-কর্তারাই খেলাটিকে ছড়িয়ে যেতে দিচ্ছেন না। ছবি: এএফপি
এশিয়াড ক্রিকেটের ফাইনালের একটি দৃশ্য। ওসিএ-প্রধান মনে করেন ক্রিকেট-কর্তারাই খেলাটিকে ছড়িয়ে যেতে দিচ্ছেন না। ছবি: এএফপি

অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) প্রধান শেখ আহমেদ আল-ফাহাদ আল সাবাহ অসম্ভব ক্ষুব্ধ ক্রিকেটের শীর্ষ কর্তাদের ওপর। তিনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কর্তাদের ‘অর্থলোলুপ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এসব লোভী কর্মকর্তা ক্রিকেট খেলাটিকে অচিরেই ধ্বংস করে ছাড়বেন। তাঁর মতে, ক্রিকেট-কর্তারা খেলাটিকে আর খেলার পর্যায়ে রাখেননি, ব্যবসায় পরিণত করেছেন। তাঁদের হঠকারী সব সিদ্ধান্তের কারণেই এটি এখনো বৈশ্বিক কোনো খেলায় পরিণত হতে পারেনি।

এবারের এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের মতো দলগুলো অংশ না নেওয়াতেই মূলত ক্ষুব্ধ শেখ আহমেদ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন ক্রিকেটের শীর্ষ কর্তাদের দুকথা শুনিয়ে দিয়েই, ‘ক্রিকেট যে লোকগুলোর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এরা সবাই নিখাদ ব্যবসায়ী। এরা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তারা ক্রিকেটকে অর্থ উপার্জনের একটি অনুষঙ্গ ব্যতীত আর কিছুই মনে করে না। তাদের এমন কোনো উদ্যোগ আমার চোখে পড়েনি, যার মাধ্যমে নতুন নতুন দেশ এই খেলাটিতে আকৃষ্ট হয়। ক্রিকেট এখনো কমনওয়েলথের বাইরে বেরিয়ে আসতে পারেনি, কেবল এসব লোকের জন্যই।’

চার বছর আগে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু সেবার শক্তিশালী কোনো দেশই তাঁদের পূর্ণ শক্তির দল নিয়ে অংশ নেয়নি। ক্রিকেট গুয়াংজু আসরে বড় কোনো প্রভাব রাখতে না পারায় ইনচনের ক্রীড়াসূচি থেকে এটি প্রায় বাদ পড়ে যাওয়ারই উপক্রম হয়েছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রাণান্তকর প্রচেষ্টায় ইনচন এশিয়াডে শেষ অবধি টিকে যায় ক্রিকেট। কিন্তু ইনচনেও দর্শকদের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে না পারায় পরবর্তী আসরে ক্রিকেটের থাকা না থাকা নিয়ে দেখা দিয়েছে নিদারুণ অনিশ্চয়তা।

ইঙ্গিতে আইসিসির ‘তিন মোড়লতত্ত্বে’রও সমালোচনায় মেতেছেন ওসিএ প্রধান। সরাসরি কারও নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘ক্রিকেট-কর্তারা এখন ক্রিকেটের সবকিছুই নিজেদের কুক্ষিগত করে রাখতে চাচ্ছে। তারা খেলাটির বাজার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এমনকি এই খেলার খেলোয়াড়দেরও নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এমন মানসিকতা কখনোই খেলাটির জন্য সুখকর হতে পারে না। এরা ক্রিকেটকে ধ্বংস করেই ছাড়বে।’

ক্রিকেট খেলাটি যে আইসিসির ব্যক্তিগত সম্পত্তি নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন শেষ আহমেদ। তিনি বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে বুঝতে হবে ক্রিকেট তাদের পৈতৃক সম্পত্তি নয়। এটির মালিক ক্রিকেটপ্রেমী এবং ক্রীড়াপাগল সাধারণ মানুষ। তাঁদের এমন কিছু করা উচিত হবে না, যার কারণে সাধারণ মানুষ খেলাটি থেকে মুখ ফিরিয়ে নেবে।’

ক্রিকেটের কর্তাদের খেলাটির উন্নয়ন নিয়ে কোনো ভাবনাচিন্তাই নেই বলে মনে করেন ওসিএ প্রধান। ব্যাপারটি তাঁকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে, ‘তারা ব্যবসা নিয়ে এত ব্যস্ত যে খেলাটির উন্নয়ন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এরা ক্রিকেটকে সোনার ডিমপাড়া হাঁস বানিয়ে ছেড়েছে। যে খেলার বিশ্বায়ন নেই, সেটা কখনো টিকে থাকতে পারে না।’ সূত্র: এএফপি