'ক্লার্ক' থেকে যাচ্ছেন কোহলিতে!

বড় খেলোয়াড়দের এই এক বৈশিষ্ট্য। বিদায় নিলেও থেকে যায় তাঁর ছায়া। এই যেমন মাইকেল ক্লার্কের ছায়া নাকি দেখা যাচ্ছে বিরাট কোহলিতে! মাঠে ক্লার্কের মতো কোহলিও নিতে পারেন ঝুঁকি। এ চরিত্রের কারণে অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, ভারতের টেস্ট অধিনায়ক ক্লার্কের মতোই।
এমনিতে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবেই কোহলি পরিচিত। আক্রমণাত্মক মেজাজের কারণে ভালোবাসেন ঝুঁকি নিতে। তাঁর এ গুণেই বিদেশের মাটিতে বহুদিন পর টেস্টে ভারত পেয়েছে জয়। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বললেন, ‘কোহলি ক্লার্কের মতোই। পরাজয়ের চোখ রাঙানির পরও জয়ের সামান্য সুযোগ থাকলেই ঝুঁকি নিতে পারে। তার সহজাত আক্রমণাত্মক মেজাজ দলকে নিয়ে যেতে পারবে নতুন পর্যায়ে। সে এমন ধরনের মানুষ, সব সময় ঝুঁকি নিতে প্রস্তুত। নিজের খেলাতেও তা-ই। যেহেতু ঝুঁকি নিতে পারে, ভারতীয় ক্রিকেটে এর ইতিবাচক প্রভাবই পড়বে।’
বিদেশের মাটিতে ভারত সর্বশেষ টেস্ট জিতেছিল গত বছর জুলাইয়ে, লর্ডসে। সোমবার পি সারা ওভালে সোমবার শ্রীলঙ্কাকে ২৭৮ রানে হারিয়ে দীর্ঘ এক বছর পর পেল টেস্ট জয়। পাঁচ টেস্টে অধিনায়কত্ব করা কোহলিরও প্রথম জয় এটি। স্বাভাবিকভাবেই ভারত এখন স্বপ্ন দেখছে ক্রিকেটের বড় সংস্করণে ২২ বছর পর লঙ্কা জয়ের। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টটা জিততে পারলে নতুন ইতিহাস রচিত হবে কোহলির নেতৃত্বে।
যদি নাও হয়, তবুও সুযোগ ফুরিয়ে যাবে না। দিন যত যাবে ততই সমৃদ্ধ হবে কোহলির নেতৃত্বগুণ, ভারত পাবে আরও সাফল্য। গিলি মনে করেন, ‘হয় জয়, না হয় পরাজয়—এই ঝুঁকি নেওয়ার তার যে প্রবণতা, সময়ের সঙ্গে এ ব্যাপারে অনেক কিছুই সে শিখবে।’ তথ্যসূত্র: ক্রিকবাজ।