'ক্ষতিপূরণ' নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে এসেছিল পাকিস্তান ছবি: প্রথম আলো
২০১১ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে এসেছিল পাকিস্তান ছবি: প্রথম আলো

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বছরের শুরুতেই সৃষ্টি হয়েছিল ধোঁয়াশার। এপ্রিলে অনুষ্ঠেয় সিরিজকে নিজেদের ‘হোম সিরিজ’ অভিহিত করে লভ্যাংশের ৫০ শতাংশ দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যাপারটি নিয়ে দুই বোর্ডের পাল্টাপাল্টি অবস্থান অনিশ্চয়তার মধ্যেই ফেলেছিল এই সফরকে। জানা গেছে, ‘হোম সিরিজ’ না হোক, কিছু টাকা ‘ক্ষতিপূরণ’ হিসেবে পেয়েই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। 
সমস্যার উৎপত্তি আসলে সেই ২০১২ সালে। সে বছর পাকিস্তান সফরের কথা বলেও নিরাপত্তার কারণ দেখিয়ে দুই বার তা বাতিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির আইনে নাকি এমন আছে, যেকোনো সফর একতরফাভাবে বাতিল হলে আয়োজক ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিতে হয়। সে হিসেবে ২০১২ সালের দুটি সফরের ক্ষতি পুষিয়ে দিয়েই এবার পাকিস্তানকে বাংলাদেশে আনতে হচ্ছে বিসিবিকে।
ব্যাপারটা খোলাসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজেই। গতকাল শুক্রবার তাঁর বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন পাকিস্তানকে ক্ষতিপূরণ দিয়েই বাংলাদেশে আনতে হচ্ছে।
বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে পাকিস্তান আমাদের কাছ থেকে সিরিজের পঞ্চাশ শতাংশ লভ্যাংশ দাবি করেছিল। আমি তাদের বলেছি, এটা আমাদের হোম সিরিজ, লভ্যাংশ ভাগ করার কোনো কারণই নেই। এর পর থেকে তারা বলেই যাচ্ছিল যে এটা তাদের হোম সিরিজ কারণ ২০১২ সালে দুবার আমরা পাকিস্তান সফরে যেতে রাজি হয়েও যাইনি। এ ক্ষেত্রে আইসিসির একটি আইন আছে। সে আইনের অধীনেই ওই দুই সফরের ক্ষতিপূরণ আমাদের দিতে হচ্ছে। টাকার অঙ্কটা ১ লাখ থেকে ৩ লাখ ডলারের মধ্যে। আমরা টাকাটা পাকিস্তানকে একবারেই দিয়ে দেব। এটা নিয়ে তারা কী করবে, সেটা তাদের ব্যাপার।’
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এই সফরের তিন ফরম্যাটের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে পিসিবি ।