
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হাশিম আমলাই সম্ভবত সবচেয়ে ‘সহজলভ্য’। সহজলভ্য মানে, চাইলেই তাঁর সঙ্গে যে কেউ যেকোনো জায়গায় ছবি তুলতে পারেন। জমিয়ে তুলতে পারেন আলাপ।
আর একদিন যদি ভালোভাবে আলাপ হয়ে যায়, এরপর দেখা হলে তিনিই এগিয়ে এসে আপনার খোঁজখবর নেবেন। এমন নয় যে, দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটাররা খুব গম্ভীর হয়ে থাকেন। তবে মুখভরা দাড়ির আড়াল থেকে উঁকি দেওয়া আমলার হাসিটাকেই সবচেয়ে আন্তরিক মনে হয়। তাঁর জীবনাচরণের আদর্শই বোধ হয় এটা যে, কারও সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। শুধু মাঠে বোলাররা ছাড়া।
হ্যাঁ, ব্যক্তিজীবনে শান্ত-সৌম্য আমলার সঙ্গে বোলারদের ওপর চড়াও হওয়া ব্যাটসম্যান আমলার কোনো মিলই নেই। তিন সংস্করণের ক্রিকেটে তাঁর রেকর্ডেও সেটার প্রতিচ্ছবি। টেস্টে স্ট্রাইক রেট ৫০.৭৬, ওয়ানডেতে ৮৯.২১ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩২.৬০। আলাদা আলাদা করে ভাবলে হয়তো টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমলার চাইতেও অনেক আক্রমণাত্মক ব্যাটসম্যান খুঁজে পাবেন। কিন্তু আমলার মতো কজন ব্যাটসম্যান পারেন এক সিরিজেই টেস্ট থেকে ওয়ানডে বা ওয়ানডে থেকে টি-টোয়েন্টির মেজাজের সঙ্গে এত দ্রুত মানিয়ে নিতে! কীভাবে এটা সম্ভব? এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে আমলার উত্তর, ‘কয়েকটা নেট সেশনই যথেষ্ট। এতেই আমার মধ্যে মানসিক পরিবর্তনটা চলে আসে। সঙ্গে ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট ক্রিকেটের জন্য ব্যাটিংয়ের টেকনিক্যাল পরিবর্তন তো আছেই।’
আমলা ‘টেকনিক’ নিয়ে কথা বলছেন শুনলে অনেকে ভ্রু কুঁচকাতে পারেন। ব্যাটিং টেকনিক, ব্যাক লিফট—এসব নিয়ে ক্যারিয়ারের শুরুতে কম কথা শুনতে হয়নি তাঁকে। তবে আমলার মধ্যে মনে হলো এগুলো কখনোই প্রভাব ফেলেনি। ব্যাটিং নিয়ে তাঁর দর্শনটাই অন্য রকম, ‘কোচ ও ধারাভাষ্যকাররা বেশির ভাগ সময় আশা করেন, একজন ব্যাটসম্যান প্রথার বাইরে কিছু করবে না। শুধু কপি বুক ব্যাটিং করবে। আমি মনে করি, বিষয়টা সব সময় সে রকমই হতে হবে, এমন কোনো কথা নেই। কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে ভালো কাজ করে, সেটাই আসল। আপনার যদি বাড়তি কিছু করার সামর্থ্য থাকে তো সেই প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করা উচিত।’
আরও অনেক শিশু-কিশোরের মতো আমলারও ক্রিকেটে হাতেখড়ি বাড়ির উঠোনে, ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে। স্কুলজীবন পার করার পর যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করলেন, তখন থেকেই মনে হতে লাগল হয়তো ভবিষ্যতে সুযোগ আছে। কিন্তু আমলাও কি আর তখন জানতেন সেই সুযোগ কত বড় দুয়ার খুলে দেবে তাঁর সামনে! ক্রিকেট আমলাকে এতটাই দিয়েছে যে, এখান থেকে আর কোনো চাওয়াই তাঁর অপূর্ণ নেই। বিরাট কোহলির রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম ৭০০০ রান করা নিয়েও নির্লিপ্ত প্রতিক্রিয়া, ‘নতুন কোনো লক্ষ্যই নেই আসলে। যা করছি, সেটাই উপভোগ করে যেতে চাই।’
ব্রায়ান লারা আর স্টিভ ওয়াহকে আদর্শ মানেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে ভালো লাগত জ্যাক ক্যালিসের খেলা। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কঠিন মনে হয়েছে মোহাম্মদ আসিফের বল, সেটাও শুধু টেস্ট ক্রিকেটে। আমলার সঙ্গে অন্য ক্রিকেটারদের নিয়ে আলোচনা এখানেই শেষ। এমনকি ডিন জোন্স যে একবার তাঁকে ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছিলেন, সেটা নিয়েও কোনো মন্তব্য নেই। অবশ্য সাক্ষাৎকারের জন্য ই-মেইলে পাঠানো প্রশ্নগুলো দেখে তিনি আগেই বলে দিয়েছিলেন, ‘কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না।’ প্রশ্ন বেশি দেখে তো একপর্যায়ে সাক্ষাৎকার দেবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। শেষে তাঁর শর্ত মেনেই এই সাক্ষাৎকার।
শর্ত ছিল—আমলা উত্তর দেবেন প্রশ্ন বেছে বেছে। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়া, ক্রিকেটের সঙ্গে ধার্মিক জীবনের ভারসাম্যসহ আরও কিছু বিষয় এই সুযোগে এড়িয়ে গেলেন। ও হ্যাঁ, একটা বিষয় আমলা পরিষ্কার করেছেন। জার্সিতে বিয়ার কোম্পানির লোগো ব্যবহার না করায় তাঁকে কখনো জরিমানা করা হয়নি।
আমলা কথা বলেছেন এবারের সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স, নিজের ব্যাটিং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও—
* বাংলাদেশ দল বলতে গেলে অসহায়ভাবেই আত্মসমর্পণ করল এই সিরিজে। যে দলটা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলল, তাদের এমন পারফরম্যান্সে কতটা অবাক আপনি?
হাশিম আমলা: অবাক হওয়ার কিছু নেই। ক্রিকেটে এ রকম হতেই পারে। আমরা জানি, বাংলাদেশ দলে কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে এবং তাদের কেউ কেউ এই সিরিজেও প্রতিভার ঝলক দেখিয়েছেন। তবে হ্যাঁ, ওয়ানডে সিরিজটাতে আরেকটু ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে ভেবেছিলাম। আমরাও অবশ্য খুব ভালো ক্রিকেট খেলেছি। ওয়ানডেতে কোনো দল ৩৫০ রান করে ফেললে সেটা তাড়া করা একটু কঠিনই।
* আপনার নিজের জন্য কেমন গেল সিরিজটা?
আমলা: ধারাবাহিকতা ধরে রাখা এবং খেলাটা উপভোগ করাই আসল। সব সিরিজে আমার এটাই লক্ষ্য থাকে। আমি মনে করি, একজন ক্রিকেটারের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সেদিক দিয়ে আমি সন্তুষ্ট।
* খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেটেই থাকবেন? নাকি অন্য চিন্তা আছে?
আমলা: ক্রিকেটেই থাকার ইচ্ছা। হয়তো কোচিংয়ে জড়াব। অথবা ক্রিকেট প্রশাসনের সঙ্গে। এখনো জানি না আসলে। যেটা উপভোগ্য মনে হবে, সেটাই করব।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব দলই একটা নিয়ম মেনে চলে, সিরিজ চলাকালীন ক্রিকেটাররা মিডিয়া ম্যানেজারের অনুমতি ছাড়া সাক্ষাৎকার দিতে পারেন না। হাশিম আমলার ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। সরাসরি অনুরোধ এবং পরে মিডিয়া ম্যানেজারের মাধ্যমে গিয়েও তাঁর মন গলানো যায়নি। তিনি সাক্ষাৎকার দিয়েছেন তখনই, যখন সুপারিশটা গেল তাঁর এজেন্ট ইসমাইল কাজীর কাছ থেকে।