'খানিকটা নার্ভাস তো লাগছেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষা ১৯ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর ফ্লাইটের টিকিট বুকিং দিয়ে রেখেছে আইসিসি। ভিসা এখনো পাননি, তবে পেয়ে যাবেন এর মধ্যেই। কাল দুপুরের দিকে একা একাই অনুশীলন করছিলেন মিরপুরের ইনডোরে। এর মধ্যেই কারও কাছ থেকে খবরটা শুনলেন। পাকিস্তানের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটকেও নাড়িয়ে দিয়েছে যে খবর। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ সাঈদ আজমল, যা বুকে খানিকটা কাঁপন ধরিয়েছে সোহাগেরও।
অন্য সময় হলে হয়তো আজমলের জন্য স্রেফ সহমর্মিতা আর শুভকামনা থাকত। সেটি ছাপিয়ে এখন ভর করছে অজানা একটা আশঙ্কা। যে পরীক্ষার ফলাফলে নিষিদ্ধ হলেন আজমল, সোহাগও তো সেই পরীক্ষা দেওয়ার অপেক্ষায়! বায়োমেকানিক ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা।
সোহাগ অবশ্য শুরুতে আত্মবিশ্বাসের কথাই বললেন, ‘আমার কোনো ভয় নেই। শতভাগ বিশ্বাস আছে নিজের ওপর। জানি আমার অ্যাকশনে কোনো সমস্যা নেই।’ তবে খানিক পরে আবার নিজে থেকেই বললেন, ‘খানিকটা নার্ভাস তো লাগছেই। আজমলের খবরটা শোনার পর...ভয় বলব না, একটু নার্ভাস। আমি জানি আমার সমস্যা হবে না। তবু কী হয় না হয়, এই ভাবনা মনে আসছে।’
ভয় বলুন বা ‘নার্ভাসনেস’, এর সঙ্গে এর আগে একবারই পরিচয় হয়েছিল সোহাগের। ওয়েস্ট ইন্ডিজে টিম ম্যানেজার হাবিবুল বাশারের মুখে যখন শুনেছিলেন, তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি উঠেছে। ‘স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ভীষণ অবাক লেগেছে, নার্ভাসও। ভয়ও পেয়েছিলাম। সব মিলিয়ে খুব খারাপ লাগছিল। তবে দলের সবাই সাহস দিয়েছে। পরে নিজেও বুঝেছি, আমার তো সবই ঠিক আছে। পরীক্ষা করলেও সমস্যা হবে না।’
দুঃসময়ে স্বস্তির বড় এক ছাতা মেলে ধরেছিলেন আবদুর রাজ্জাক। দু-দুবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন রাজ্জাক। দ্বিতীয়বার তো নিষিদ্ধও হয়েছিলেন ২০০৮ সালের অক্টোবরে। হাত বাঁকানোর বৈধ সীমা ১৫ ডিগ্রি হলেও রাজ্জাকের হতো ২২ থেকে ২৮ ডিগ্রি। অ্যাকশন শুধরে পাঁচ মাস পরই আবার ক্রিকেটে ফেরেন এই বাঁহাতি স্পিনার। নিজের অভিজ্ঞতা থেকেই সোহাগকে সাহস জুগিয়েছেন রাজ্জাক, ‘রাজ ভাই বলেছেন এটা কোনো ব্যাপার নয়। সাহস রাখতে বলেছেন। নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন। রাজ ভাইয়ের সঙ্গে কথা বলার পর প্রাথমিক ভয়টা কেটে গিয়েছিল।’
পরীক্ষার প্রক্রিয়া নিয়ে খুব ধারণা নেই সোহাগের। গায়ে অসংখ্য তার-ডিভাইস লাগিয়ে মুত্তিয়া মুরালিধরনের অ্যাকশন পরীক্ষার যে ছবিটি আছে, দেখেননি সেটিও। তবে রাজ্জাকের কাছে শুনেছেন খানিকটা। কাল ফোনে কথা বলতে বলতে ছোটখাটো একটা পরীক্ষার অভিজ্ঞতার কথাও তাঁর মনে পড়ল হঠাৎ, ‘একাডেমি দলের হয়ে যখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম (২০১১ সালে), একদিন হঠাৎ কী একটা পরীক্ষা করানো হলো আমাকে। পরে জানলাম আমার অ্যাকশন নিয়ে সন্দেহ হয়েছে বলেই নাকি পরীক্ষা করিয়েছে। সেটা অবশ্য এমন বড় পরিসরে ছিল না, ছোট করে। তবে কোনো সমস্যা খুঁজে পায়নি। আমি নিশ্চিত, এবারও পাবে না।’
পরের বছর ‘এ’ দলের হয়ে ভারতে শাফি দারাশাহ টুর্নামেন্ট খেলতে গিয়েও প্রশ্নবিদ্ধ হয়েছিল অ্যাকশন। তবে সোহাগের দাবি, সেটা ছিল ষড়যন্ত্র, ‘ওই বারের অভিযোগের কোনো ভিত্তি ছিল না। আগের ম্যাচেই ১১ উইকেট পেয়েছিলাম আমি। এ জন্যই ওরা এটা করেছিল। পরে তো এটা নিয়ে আর কথাই হয়নি একটুও।’ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বলে গুঞ্জন আছে। সোহাগ যদিও তা উড়িয়ে দিলেন।
আপাতত দিন কাটছে অপেক্ষায়। দল খেলছে, তিনি মাঠের বাইরে। এই কষ্টের সঙ্গে অপেক্ষার যন্ত্রণা মিলিয়ে ভালো লাগছিল না কদিন ধরেই। গত পরশু থেকে তাই একাই অনুশীলন করছেন সময় কাটাতে। অপেক্ষার বিরক্তি ছাড়া এমনিতে দুশ্চিন্তা ছিল না। কাল আজমলের খবরটি পাওয়ার পর থেকে মনটা একটু দুরু দুরু। সেটিকে জয় করতে নিজেই যেন নিজেকে সাহস দিচ্ছেন, ‘৭ থেকে ১০ ওভার বোলিং করতে হবে হয়তো। আমার তো দুটিই ডেলিভারি—অফ ব্রেক আর সোজা বল। স্বাভাবিকভাবেই করব। আশা করি, ফলাফলও স্বাভাবিকই হবে।’