'খারাপ সময়ে ছেড়ে যাওয়াটা খুব কঠিন'
দল এমন টানা ব্যর্থ হলে বেশির ভাগ সময় সবচেয়ে বেশি দায় নিতে হয় অধিনায়ককে। আবার নেতৃত্বের ব্যর্থতাও অনেক সময় অবদান রাখে দলের ব্যর্থতায়। দুটি মিলিয়েই এ মুহূর্তে প্রশ্নবিদ্ধ মুশফিকুর রহিমের অধিনায়কত্ব। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে দলের সর্বোচ্চ রান তাঁরই। তবে ব্যাট এতটা চওড়া আবার ছিল না যে আড়াল করতে পারে দলের ব্যর্থতা (৪ ইনিংসে ১৭৯ রান)। সব মিলিয়ে দেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি মুশফিকের অধিনায়কত্ব।
গত ২৬ আগস্ট বিসিবি সভা শেষে বোর্ডপ্রধান নাজমুল হাসান সরাসরিই বলেছিলেন, টেস্ট-ওয়ানডেতে আলাদা অধিনায়ক রাখার কথা। আদতে সেটা শুধুই ভাবনার পর্যায়ে নেই। বিসিবির অনেক সূত্রই নিশ্চিত করেছে, আলাদা অধিনায়কের সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছে বোর্ড। কাল ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর মুশফিকের সঙ্গে সংবাদমাধ্যমের কথোপকথনের অনেকটা জুড়েই থাকল অধিনায়কত্ব প্রসঙ্গ।
জবাবদিহির একটি প্রশ্নে মুশফিক নিজেই নিজের ওপর সবচেয়ে বেশি দায় নিয়েছেন। পরে প্রশ্ন হলো সরাসরিও। বছরজুড়ে ব্যর্থ দল, সেটার দায়ভার মেনে নিলে নেতৃত্ব ছেড়ে দেওয়ার ভাবনাও আসা উচিত! অস্বস্তিকর প্রশ্নটির উত্তর মুশফিক দিলেন ঘুরিয়ে। তবে বুঝিয়ে দিলেন ছাড়তে চান না, বরং চ্যালেঞ্জ নিতে চান, ‘এটা আমার ওপর নির্ভর করে না। এর আগেও বলেছি। খারাপ সময়ে ছেড়ে যাওয়াটা খুব কঠিন। ভালো সময় যেটা ছিল সেটা যেন ফিরিয়ে আনতে পারি, সেই চ্যালেঞ্জ আছে আমার মধ্যে। আশা করব সেই সময়টা দিয়েই আমি যেতে পারি। সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না। যাঁরা আমাকে দায়িত্ব দিয়েছেন তাঁরাই দেবেন।’
মুশফিকের কথার সূত্রেই চলে আসে পরবর্তী প্রশ্ন। চ্যালেঞ্জটা নেওয়ার কথা তিনি আগেও বলেছেন, কিন্তু ফলাফল বলে ব্যর্থই তো হচ্ছেন বারবার! বিসিবি যদি সত্যিই দুই বা তিন সংস্করণে আলাদা অধিনায়কের সিদ্ধান্ত নেয়, তাহলে? মুশফিকের উত্তরটি প্রত্যাশিতই, ‘ওই যে বললাম, বোর্ডের সিদ্ধান্ত। এ ব্যাপারে ওনারাই ভালো বলতে পারবেন। যেটা হলে দলের ভালো হবে...তাতে আমিও একমত!’
আলাদা অধিনায়ক করার পেছনে শুধু মুশফিকের নেতৃত্বে অসন্তুষ্টিই নয়, তাঁর ওপর থেকে চাপ কমানোর ভাবনাটাও কাজ করেছে। তবে এই ভাবনাটায় ঠিক একমত মনে হলো না বাংলাদেশ অধিনায়ককে, ‘বাংলাদেশ দলে খেলা মানে সব সময়ই চাপ। অধিনায়ক থাকলেও চাপ থাকে, না থাকলেও থাকে।’