'খুব বেশি সন্দেহ' নেই রিচার্ডসনের
ম্যাচটাকে সন্দেহের চোখে দেখছেন অনেকেই। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তো তাঁর সন্দেহের কথা খোলাখুলিই বলেছেন। সন্দেহ প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলও। পত্রিকাটির দাবি, গত মঙ্গলবার শারজায় অনুষ্ঠিত পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেটিকে ঘিরে তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট (আকসু)।
তবে এসব অভিযোগ বা সন্দেহ আগেই উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস। পাকিস্তানিরা কিছুটা স্বস্তি পাবেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কথা শুনলেও। তাঁর চোখেও ম্যাচটা ‘খুব একটা সন্দেহজনক’ নয়।
নিষ্প্রাণ ব্যাটিং উইকেটে ওই ম্যাচে পাকিস্তান অলআউট হয়ে যায় ২০৮ রানে। রানআউট হন তিন পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। আবার তাড়া করতে নেমে একপর্যায়ে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরও খুব সহজেই ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড।
পাকিস্তানি কোচ ওয়াকার ইউনিস অবশ্য এরই মধ্যে বলেছেন, সবকিছুই ছিল খেলার অংশ। রিচার্ডসনের কণ্ঠেও অনেকটা সেই সুর, ‘এ রকম অদ্ভুত আউট খেলায় হতেই পারে। আমিও ক্যারিয়ারে এতবার এ রকম আউট হয়েছি, গুনে শেষ করা যাবে না।’
ফিক্সিং নিয়ে কথা উঠলে সবার আগে পাকিস্তানের নামটাই বেশি আসে। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর পরে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। জেলও খাটতে হয়েছে তিনজনকেই। এর আগে ২০০০ সালে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সেলিম মালিককে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। স্পট ফিক্সিংয়ের কারণে আজীবন নিষেধাজ্ঞা ভোগ করছেন পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়াও। তবে এখন সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলে মনে করেন রিচার্ডসন, ‘এমনকি এখন পাকিস্তানি খেলোয়াড়েরাই কোনো ফিক্সিংয়ের প্রস্তাব পেলে সেটা আকসুকে জানাচ্ছেন। আমি তাই এ ম্যাচটাকে খুব একটা সন্দেহজনক মনে করছি না।’ এএফপি।